পাঁচ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
দেশের বিভিন্ন স্থানে গত পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার ময়মনসিংহে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত হন ১১ জন। গত শুক্রবার বিকেলে রংপুরের তারাগঞ্জে মিনিবাস ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: গত মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার বেলতলীতে যাত্রীবাহী পিকআপ ও বাসের সংঘর্ষের পর ভ্যানটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ভ্যানের পাঁচ যাত্রী নিহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও চারজনের।
একই দিন বিকেলে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ বাইপাস এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক চাপা দিলে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রাসেল, ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের মোবারক হোসেন ও তাঁর স্ত্রী মিনারা বেগম এবং তাঁদের স্বজন খোকন মিয়া, শামছুন্নাহার ও আজিজুর হক, হালুয়াঘাট উপজেলার বাউশী গ্রামের শাহাদাৎ ও ঈশ্বরগঞ্জ উপজেলার মদিনা আক্তার।
তারাগঞ্জ(রংপুর): গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগারতলায় মিনিবাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানের চালকসহ ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। নিহত ব্যক্তিরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার চেংমারি গ্রামের রওশন আরা বেগম (৫১), তাঁর ছেলে শহিদুল ইসলাম (৩০), মেয়ে কলেজছাত্রী শাহানাজ পারভিন (২০), পুত্রবধূ দুলালি বেগম (২২) ও নাতি মহতাসিন হোসেন (৪) এবং অটোরিকশার চালক সেকেন্দার হোসেন (২৮)।
ঝালকাঠি: গত মঙ্গলবার দুপুরে বরিশাল-খুলনা মহাসড়কের রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে কেওতা গ্রামের রুহুল আমিনের ছেলে আলী আহমেদ (৫) নিহত হয়। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গাবখান সেতু পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শিহাব হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়। সে সদর উপজেলার নেহালপুর গ্রামের লিটন দুয়ারির ছেলে। গত শুক্রবার বিকেলে নলছিটি উপজেলার ভৈরবপাশা বাজার এলাকায় হাসান আলী হাওলাদার (৭৫) নামের এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। তাঁর বাড়ি উপজেলার বহরমপুর গ্রামে।
নাটোর: গত শুক্রবার দুপুরে পদ্মা পরিবহনের ঢাকাগামী একটি বাস বড়াইগ্রামের মানিকপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে অজ্ঞাতনামা (৩৬) এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ১৫ যাত্রী। বৃহস্পতিবার দুপুরে একই সড়কের রেজীর মোড়ে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৩২) ও চালক সাহাবুদ্দিনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হরিণচোরা এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় ট্রাকের চাপায় একই গ্রামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁরা হলেন তাড়াশ উপজেলার ঝুরঝুরি লক্ষ্মীপুর গ্রামের মো. মজনু মিয়া (৪৫) ও তৌহিদুল ইসলাম (৪০)।
রংপুর: গত বৃহস্পতিবার বিকেলে মিঠাপুকুর উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে যাত্রী নুরবানু বেগম (৪০) নিহত হন। সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় রংপুর-হারাগাছ সড়কে বাহারকাছনা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর বাড়ি বাহারকাছনা এলাকায়।
মির্জাপুর(টাঙ্গাইল): গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী আরিফুল, তাঁর বাবা আফাজ উদ্দিন ও মা রেবা বেগম আহত হন। তাঁদের প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আরিফুলের মৃত্যু হয়। পরদিন সকালে মহাসড়কের পাকুল্যায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ওষুধ ব্যবসায়ী আবদুল খালেক নিহত হন।
সাতক্ষীরা: গতকাল শনিবার সকালে শ্যামনগর-সাতক্ষীরা সড়কের চণ্ডীপুরে বাসের ধাক্কায় খাগড়াদানা গ্রামের হাফিজুর রহমান (২২) নামের এক নছিমনচালক নিহত হন। গত শুক্রবার রাতে দেবহাটা উপজেলার হাদীপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কালীগঞ্জ উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. সাহেব আলী (২৮) নিহত হন।
মানিকগঞ্জ: গত শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হন।
চুয়াডাঙ্গা: গত শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে ডম্বলপুরে যাত্রীবাহী আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে তিন তরুণ নিহত হয়। নিহত তরুণেরা হলো উপজেলার পারকুলা গ্রামের মো. প্রিন্স (১৭) ও ইমন হোসেন (১৬) এবং গাজীপুরের সজল হোসেন (১৭)।
এ ছাড়া গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের গৌরনদীর মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত নয়টার দিকে পিকআপের চাপায় চাঁদশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান খান (৫৫) নিহত হন। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসরাফিল সিকদার (৪৮) নামের একজন সাংবাদিক নিহত হন। গত মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসরাফিলের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় রনি মুন্সী (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হন। উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার সকালে দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক দিদার হোসেন (২৫) নিহত হন। তাঁর বাড়ি সালথা উপজেলার সাধুহাটি গ্রামে।
গত বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোটরসাইকেল চাপায় রোকেয়া বেগম (৫৫) নামের এক শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু হয়। তিনি উপজেলার কিল্লাপাড়া গ্রামের মরহুম মাঈন উদ্দিনের স্ত্রী।
গতকাল ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিরশান্নী এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। নিহত ওই যাত্রীর নাম মরিয়ম বেগম (২৫)।
গত শুক্রবার নড়াইলে বাসচাপায় আমির হোসেন (২২) নামের একজন কলেজছাত্র নিহত হন। নড়াইল-মাগুরা সড়কের ময়েনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিরের বাড়ি ময়েনখোলা গ্রামে।