পাঁচ দিনে শতাধিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের পাঁচটি ছাত্রাবাসের শতাধিক শিক্ষার্থী গত পাঁচ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের অন্তত ৩১ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সূর্য্যকান্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।কলেজের জসীমউদ্দীন হল, কাজী নজরুল ইসলাম হল, শিল্পাচার্য জয়নুল আবেদিন হল, তরুণ হল ও আবুল মুনসুর হলের বেশ কয়েকজন আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, খাওয়ার পানি সরবরাহের পাইপলাইনে ত্রুটি থাকায় এবং এগুলো পরিষ্কার না করায় এক বছর ধরে শিক্ষার্থীরা প্রায়ই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে কলেজের শিক্ষকদের কাছে কয়েকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু তাঁরা কখনো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি। সপ্তাহ খানেক আগে পানি সরবরাহের পাইপ পরিষ্কার ও সংস্কার করা হয়। এর পর থেকে পাঁচটি ছাত্রাবাসের ছাত্ররা ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন। গত সোমবার থেকে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। তাঁদের ধারণা, পানির পাইপ পরিষ্কার করার সময় কোনো দূষিত পদার্থ ছড়িয়ে পড়তে পারে।জসীমউদ্দীন হলের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, গত সোমবার তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পাঁচ দিনে শতাধিক ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় আবাসিক ছাত্রদের মধ্যে আতঙ্ক রিবাজ করছে। কাজী নজরুল ইসলাম হলের ৩২৭ নম্বর কক্ষের বাবুল ফকির বলেন, ডায়রিয়ার আতঙ্কে অনেকেই ছাত্রাবাস ছেড়ে বাড়িতে চলে গেছেন।গত বৃহস্পতিবার সূর্য্যকান্ত হাসপাতালে গিয়ে দেখা যায়, মো. কামরুজ্জামান, জোবায়ের মিয়াসহ বিভিন্ন হলের পাঁচজন ছাত্র ভর্তি আছেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ১০ জন ছাত্র বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। ভর্তি হয়েছেন আরও ২১ জন। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আরিফুল বাশার বলেন, দূষিত পানি অথবা পচা-বাসি খাবার খেয়ে তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রথম কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এখন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, কলেজের উপাধ্যক্ষকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘এত কম টাকায় থাকতে হলে এমন হবেই।’উপাধ্যক্ষ এ কে এম মাহবুব আলম বলেন, ‘ছাত্ররা আমার কথা বিকৃত করেছে। তাদের বলেছি, তোমরা যে পরিমাণ টাকা প্রতিবছর দাও, তাতে এত উন্নয়নকাজ করা যায় না।’অধ্যক্ষ এম এ মান্নান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ছাত্রাবাসের খাওয়ার পানি পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।’