বরগুনায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত বুধবার থেকে গতকাল রোববার বেলা ১১টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে ১২০ জন রোগী ভর্তি হয়েছেন। গত মাসে এ হাসপাতালে ২৯৮ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছিলেন।
গতকাল দুপুরে বরগুনা হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় স্যাঁতসেঁতে মেঝে ও বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে মশা-মাছি ভন ভন করছে। হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করে জানা যায়, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত ১০৬ জন রোগী ভর্তি হন। গতকাল বেলা ১১টা পর্যন্ত আরও ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। কয়েকজন রোগী ও তাঁদের অভিভাবকেরা অভিযোগ করেন, হাসপাতাল থেকে তাঁরা স্যালাইন পাচ্ছেন না। বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হচ্ছে।
সদরের ডালভাঙা গ্রামের শিশু বীথির (৫) বাবা বশির উদ্দিন বলেন, ‘শনিবার সন্ধ্যায় বাচ্চাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করি। এরপর একটি স্যালাইন দিয়ে চিকিৎসকেরা ওষুধ ও স্যালাইন বাইরে থেকে কিনে আনার জন্য একটি স্লিপ হাতে ধরিয়ে দেন। বাইরে থেকে তিনটি স্যালাইন ও ওষুধ এনেছি।’ আরেক রোগী তাজেম আলী (৭০) বলেন, ‘ভর্তি হওয়ার পর একটি স্যালাইন দেছে, হ্যারপর সব ওষুধ ও স্যালাইন বাইরে দিয়া কিন্না আনতে অইছে। এইডা ক্যামন হাসপাতাল।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুল ইসলাম বলেন, ‘স্যালাইনের সংকট আছে বলে এটা করা হচ্ছে। আমরা চাহিদাপত্র পাঠিয়েছি। বর্তমানে যে হারে রোগী আসছে, তাতে আমাদের হাতে যে স্যালাইন আছে তা দিয়ে এক সপ্তাহের বেশি পরিস্থিতি সামাল দেওয়া যাবে।’
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলায় ১ হাজার ২১ জন ডায়রিয়ায় আক্রান্ত হন। এর মধ্যে গত মার্চ মাসে জেনারেল হাসপাতালে ২৯৮ জন রোগী চিকিৎসা নেন। তবে চলতি মাসে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ইউনূস আলী প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। স্যালাইনের জন্য চাহিদাপত্র পাঠিয়েছি। আশা করি, স্যালাইনের কোনো সংকট হবে না।’ বাইরে থেকে স্যালাইন কেনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব সময় স্যালাইনের সাশ্রয় করি যাতে জরুরি মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া যায়। এ জন্য সামর্থ্যবান রোগীদের কিছু স্যালাইন বাইরে থেকে কিনতে বলা হয়। তবে খুব গরিব রোগীদের পুরোটাই আমরা হাসপাতাল থেকে সরবরাহ করি।’