পাঁচ দিনে ২১টি পরিবারের ৩৩টি ঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সাত্তার বিশ্বাসের ডাঙ্গী এলাকায় পদ্মার ভাঙনের শিকার একটি পরিবার ঘরবাড়ি ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সাত্তার বিশ্বাসের ডাঙ্গী এলাকায় পদ্মার ভাঙনের শিকার একটি পরিবার ঘরবাড়ি ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ফরিদপুরে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত পাঁচ দিনে সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ২১টি পরিবারের ৫৫টি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। এ সময়ের মধ্যে সোয়া ১১ একর জমি ও ৩০০ মিটার সড়ক নিশ্চিহ্ন হয়ে গেছে।

গত মঙ্গলবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত নর্থ চ্যানেল ইউনিয়নের সাত্তার বিশ্বাসের ডাঙ্গি ও শুকুর আলী মৃধার ডাঙ্গিতে এ ঘটনা ঘটে।

সাত্তার বিশ্বাসের ডাঙ্গি এলাকায় গত মঙ্গলবার রাত থেকে ভাঙন শুরু হয়। গতকাল দুপুর পর্যন্ত ওই এলাকার বিশ্বাসের ডাঙ্গি মসজিদসহ ১৬টি পরিবারের ৩৩টি ঘর পদ্মার পেটে গেছে। ভাঙনের হুমকিতে আছে আরও ১০টি পরিবারের ২৪টি ঘর। ওই এলাকার পাঁচটি পরিবারের ৮ একর ৯১ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ ছাড়া বিশ্বাস ডাঙ্গি এলাকায় সিঅ্যান্ডবি ঘাট থেকে গোলডাঙ্গি হয়ে গোলজার মণ্ডলের ডাঙ্গিতে যাওয়ার কাঁচা সড়কের ৩০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে।

এদিকে একই ইউনিয়নের শুকুর আলী মৃধার ডাঙ্গিতে পাঁচটি পরিবারের ২২টি ঘর নদীগর্ভে হারিয়ে গেছে। তা ছাড়া, পদ্মায় বিলীন হয়ে গেছে পরিবারগুলোর ২ একর ২৭ শতাংশ জমি।

নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্না বিশ্বাস অভিযোগ করেন, দুই মাস ধরে একটি চক্র সাত্তার বিশ্বাসের ডাঙ্গি এলাকায় নদীতে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর জন্যই ওই এলাকায় ভাঙনের তীব্রতা বেড়ে গেছে।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতের কারণে গত মঙ্গলবার থেকে নদীর এ ভাঙন শুরু হয়। এখন ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষত শুকুর আলী মৃধার ডাঙ্গির ভাঙন রোধ করা না গেলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ফরিদপুর শহর রক্ষা বাঁধ বিলীন হয়ে যাবে। তিনি বলেন, সাত্তার বিশ্বাসের ডাঙ্গি এলাকার ভাঙন রোধ করা না গেলে সিঅ্যান্ডবি ঘাটসহ চর এলাকায় যে তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা ব্যাহত হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘ভাঙনের বিষয়টি আমার জানা নেই। আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করব। এরপর ভাঙনরোধে পদক্ষেপ নেওয়া হবে।’

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান বলেন, ‘এ ভাঙন সম্পর্কে আমি অবগত আছি। উপজেলা ত্রাণ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ক্ষয়ক্ষতির বিষয়ে তাঁকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’