পাঁচ দিনে ৬৫০ পরিবারের ঘরবাড়ি মেঘনায় বিলীন
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গত পাঁচ দিনে মেঘনার ভাঙনে ৬৫০টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। কোদালপুর-আনন্দবাজার কাঁচা সড়কের তিন কিলোমিটার এলাকা এবং প্রায় আড়াই হাজার একর ফসলি জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও কোদালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, মেঘনা উত্তাল থাকায় গত মঙ্গলবার থেকে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ১০টি গ্রাম ও কুচাইপট্টি ইউনিয়নের চারটি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে গ্রামগুলোর ৬৫০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিলীন হয়ে গেছে কোদালপুর-আনন্দবাজার কাঁচা সড়কের তিন কিলোমিটার এলাকা। প্রায় আড়াই হাজার একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। পাউবোর স্থানীয় কার্যালয়ে অর্থ বরাদ্দ না থাকায় ভাঙনরোধ ও উদ্ধার-তৎপরতায় কোনো ভূমিকা রাখতে পারছে না তারা। স্থানীয় প্রশাসন এখনো ক্ষতিগ্রস্ত লোকজনের কোনো তালিকা করেনি। নেই কোনো ত্রাণতৎপরতা।ভাঙনের শিকার গোসাইরহাট উপজেলার সরদার পাড়া গ্রামের ফাতেমা বেগম বলেন, ‘ভাই, পাঁচ দিন ধইরা মেঘনা ভাঙতাছে। আমার সব শেষ অইয়া গেছে। এহন কোথায় যামু আল্লাহই জানে। আমার স্বামী তিন দিন ধইরা আশ্রয় খোঁজতাছে। কোথায়ও পাইতাছি না। উদ্বাস্তুর মতন নদীর পাড়ে ছেলেমেয়েদের নিয়া বইসা আছি। আমাগো খোঁজ নেয়ার জন্য কেউ আহে নাই।’গতকাল রোববার সকালে উপজেলার সরদার পাড়া ও সাবের পাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের অধিকাংশ অংশ বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার পরিবারগুলো আশ্রয়ের জন্য দিগ্বিদিক ছোটাছুটি করছে। গৃহহীন কয়েকটি পরিবার আনন্দবাজার কোদালপুর সড়কে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকজনের সঙ্গে কথা বলতে চাইলে শত শত মানুষ ত্রাণের তালিকা ভেবে হুড়োহুড়ি শুরু করে দেয়।সরদারপাড়া গ্রামের জামসেদা বেগম (৫০), দেলোয়ার হোসেন (৪০) ও ছাত্তার সরদার (৫০) জানান, গত মঙ্গলবার সকাল থেকেই মেঘনার ভয়াবহ ভাঙন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। সবকিছু হারিয়ে তাঁরা নিঃস্ব হয়ে পড়েছে। এলাকায় কাজ নেই, ঘরে খাবার নেই। এমন পরিস্থিতিতে মানুষ দিশেহারা।কোদালপুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান সরদার জানান, তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত লোকজনের অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, কী কষ্টে আছে তারা। জরুরি ভিত্তিতে ত্রাণতৎপরতা চালানোর জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মজিবর রহমান জানান, ভাঙনের ভয়াবহতার বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। খুব শিগগির ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণতৎপরতা শুরু করা হবে।শরীয়তপুর পাউবোর সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, শরীয়তপুর কার্যালয়ে অর্থ বরাদ্দ না থাকায় ভাঙনরোধের কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। শরীয়তপুরে পদ্মা ও মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিদিন হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের কোনো সহায়তা করা যাচ্ছে না।