পাঁচ দিনেই উঠে গেছে কার্পেটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের আদিতমারীর কমলাবাড়ীর বামনের বাসা থেকে খালেক মোক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের পাঁচ দিনে মধ্যেই কাপেটিং উঠে যাচ্ছে। ছবিটি গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো
লালমনিরহাটের আদিতমারীর কমলাবাড়ীর বামনের বাসা থেকে খালেক মোক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের পাঁচ দিনে মধ্যেই কাপেটিং উঠে যাচ্ছে। ছবিটি গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো

লালমনিরহাটের আদিতমারীর কমলাবাড়ী ইউনিয়নের বামনের বাসা থেকে খালেক মোক্তারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় তা আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। নিম্নমানের কাজের অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী অভিযোগ করেছেন, পাথরের সঙ্গে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি চালুর কয়েক দিনের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে।
তবে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এস এম জাকিউর রহমান বলেছেন, ‘গত রোববার রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে মনে হয়েছে, বিটুমিন ব্যবহার পরিমাণে কম হয়েছে এবং বৃষ্টির দিনে কাজ করায় কার্পেটিং উঠে যাচ্ছে।’ তিনি দায়িত্বপ্রাপ্ত দুই প্রকৌশলীসহ তিনজনকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তাঁরা হলেন আদিতমারী উপজেলা প্রকৌশলী ফজলুল হক, উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন ও কার্যসহকারী আশরাফুল হক।
লালমনিরহাট এলজিইডির কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বরে ৫৮ লাখ টাকা ব্যয়ে কমলাবাড়ী ইউনিয়নের বামনের বাসা থেকে খালেক মোক্তারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটারের কাঁচা রাস্তাটি কার্পেটিং করার জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজের দায়িত্ব পান কালীগঞ্জের তুষভান্ডারের ঠিকাদার আলমগীর হোসেন। কাগজে-কলমে আলমগীর হোসেন থাকলেও কাজটি কিনে নিয়ে করেন বামনের বাসা এলাকার ঠিকাদার ও ইটভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম। গত অক্টোবরে রাস্তাটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষে ১৯ জুলাই রাস্তাটি খুলে দেওয়া হয়। কিন্তু এর পাঁচ দিনের মাথায় রোববার কার্পেটিং উঠে যায়।
কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, শুরু থেকেই নিম্নমানের খোয়া ও বালু ব্যবহার করা হয়। এলাকাবাসীর প্রতিবাদে তখন নিম্নমানের বালু ও খোয়া সরিয়ে নিতে বাধ্য হন ঠিকাদার। পরে নিম্নমানের কার্পেটিং করায় তা উঠে যাচ্ছে।
মূল ঠিকাদার আলমগীর হোসেন বলেন, ‘আমি সাব-ঠিকাদার শহিদুল ইসলামকে ঠিকভাবে কাজ করতে বলেছিলাম। এলজিইডি কর্তৃপক্ষকে আমি বলেছিলাম, কাজটি শহিদুল ইসলামের কাছ থেকে সঠিকভাবে আদায় করা হোক। তিনি যদি কাজটি না করেন, তবে আমি করে দেব, অবশিষ্ট বিলের টাকা থেকে আমার খরচ সমন্বয় করে নেব।’
শহিদুল ইসলাম বলেন, ‘আমি প্রকৌশলীদের তত্ত্বাবধানে ঠিকভাবে রাস্তার কার্পেটিং করেছি। ওরা হাতিয়ার দিয়ে রাস্তার কার্পেটিং তুলে আমার ক্ষতির চেষ্টা করছে। আমি কেন আরেকবার
কাজ করতে যাব।’