মংলা বন্দরের পশুর চ্যানেলে গত মঙ্গলবার ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গো জাহাজটি উদ্ধারের জন্য গতকাল রোববার পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় সুন্দরবনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন বলেন, এমভি জিয়ারাজ নামের একটি কার্গো জাহাজ মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ এমভি গ্লোবস্টোন থেকে ৫১০ মেট্রিক টন কয়লা বোঝাই করে গত মঙ্গলবার রাত আটটার দিকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। জাহাজটি রাত নয়টার দিকে পশুর চ্যানেলের জয়মণি এলাকা অতিক্রমকালে ডুবোচরে আটকে পড়ে তলা ফেটে ডুবে যায়। কিন্তু এখনো পর্যন্ত জাহাজটি উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে গত ২৬ অক্টোবর বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা মতিয়ার হোসেন পাঁচ কোটি টাকার একটি ক্ষতিপূরণ মামলা করেন। মামলায় কার্গো জাহাজটির চালক বুলু গাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কার্গো জাহাজটির স্বত্বাধিকারী দিলসাদ হোসেন খান বলেন, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ, প্রয়োজনীয় সরঞ্জামাদি ও অভিজ্ঞ লোক নিয়ে মংলার উদ্দেশে রওনা হবে। তাঁরা আশা করছেন, আগামী বৃহস্পতিবার থেকে তাঁরা কাজ শুরু করতে পারবেন। ডুবন্ত জাহাজ থেকে প্রথমে কয়লা উত্তোলন শুরু হবে। এরপর জাহাজ উত্তোলনের চেষ্টা করা হবে।
রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জাহাজটি উদ্ধারে যত সময় ব্যয় হচ্ছে ততই তা সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। পশুর চ্যানেলসংলগ্ন শ্যালা নদী দিয়ে সব নৌযান চলাচল বন্ধের সুপারিশ করা হয়েছে। গত এক বছরে তেলবাহী, সারবাহী ও সর্বশেষ কয়লাবাহী জাহাজডুবির ঘটনা ঘটল। ধারাবাহিক এই বিপর্যয়ের কারণে সুন্দরবনের যাতে আর কোনো ক্ষতি না হয় সে জন্য এ সুপারিশ করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের অধ্যাপক আবদুল্লাহ হারুন বলেন, কয়লায় নানা ধরনের বিষাক্ত পদার্থ থাকে। নিম্নমানের পিট কয়লাবাহী একটি জাহাজ পশুর চ্যানেলে ডুবেছে। ইটের ভাটায় ইট পোড়ানোর কাজে এ কয়লা ব্যবহৃত হয়। এতে উচ্চমাত্রায় সালফার থাকে। এটি পানির সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। কয়লার দূষণ দেখা যায় না। কিন্তু এটি তেলের চেয়ে অনেক বেশি বিষাক্ত। যতদূর এ পানি যাবে সে পর্যন্ত জলজ প্রাণী ও মাছের ক্ষতি হবে। এটি দীর্ঘ মেয়াদে সুন্দরবনের জলজ প্রাণী ও মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি করবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মংলার সমন্বয়কারী মো. নূর আলম বলেন, মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় প্রতিনিয়ত কয়লা বোঝাই ও খালাস হয়ে থাকে। জায়গাটি একেবারেই সুন্দরবনের পাশে। ফলে কোনো দুর্ঘটনা ঘটলেই তার ক্ষতিকর প্রভাব সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর পড়ে। বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মহলের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।