পাঁচ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ‘আওয়ামী জনতা লীগের’ ফতুল্লা থানার সভাপতি শেখ স্বাধীন মনির হোসেন হত্যাকাণ্ডের পাঁচ দিন পরও এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

মনির কুতুবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোসলেম শেখের ছেলে। তিনি ফতুল্লা থানা আওয়ামী জনতা লীগ নামের একটি সংগঠনের সভাপতি ছিলেন। যদিও আওয়ামী লীগের ওই নামের কোনো সহযোগী সংগঠন নেই।

নিহত মনিরের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করেন, এলাকায় ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক লীগের মীর হোসেন ওরফে ল্যাংড়া মীরুর সঙ্গে মনিরের বিরোধ সৃষ্টি হয়। মীরু কারাগারে থাকলেও সহযোগীদের নির্দেশ দিয়ে এ হামলা চালিয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেনের বড় ভাই আলমগীর হোসেন, ভাগনে শাকিল, সহযোগী জনিসহ কয়েকজন ১৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে ফতুল্লা থানাধীন পাগলা রসুলপুর এলাকায় তিব্বত মিয়ার বাড়িতে হামলা চালায়। তিব্বতের ভায়রা মনির তখন ওই বাড়িতে ছিলেন। হামলাকারীরা তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। মনিরকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী পারভীন আক্তার ও স্ত্রীর বড় বোন রেখা আক্তারও আহত হন। পরে এলাকাবাসী আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোরে মনির মারা যান।

এ ঘটনায় ২০ অক্টোবর পারভীন আক্তার স্বেচ্ছাসেবক লীগের নেতা মীর হোসেনের সাত সহযোগীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। তিনি অভিযোগ করেন, খুনিরা সরকারদলীয় লোক হওয়ায় তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। অথচ তারা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, তাঁরা এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী মীরকে দেখতে এসে পালানোর সময় পিচ্চি শাকিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পিচ্চি শাকিল এ হত্যায় এজাহারভুক্ত আসামি নন। তাকে এ মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়েছে।