পাঁচ দিনেও কোনো মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে জামায়াত-আওয়ামী লীগ সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনার পাঁচ দিন পরও কোনো মামলা হয়নি। আওয়ামী লীগের নিহত দুই কর্মীর পরিবারের সদস্যরা জামায়াত-শিবিরের ভয়ে মামলা করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন অভিযোগ করেন, মামলা না করার জন্য জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নিহত কর্মীদের আত্মীয়স্বজনদের ভয় দেখাচ্ছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতারা গা ঢাকা দিয়ে আছেন।আওয়ামী লীগের নিহত কর্মী ওমরপুর গ্রামের নুরশেদ আলীর ছেলে খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের ভয়ে বাড়ি থেকে প্রথম দিকে বের হতে পারছিলাম না। এখন শ্যামপুর ইউনিয়নের বাইরে আছি। আমার বড় ভাই জিয়াউর রহমানের কীটনাশকের দোকান শ্যামপুর চামা বাজারে। তিনিও ভয়ে বাজার যেতে পারছেন না। ওই বাজারের আওয়ামী-সমর্থক কোনো দোকানদারই দোকান খুলতে যাননি ভয়ে।’আওয়ামী লীগের নিহত কর্মী শরৎনগর গ্রামের নাসির উদ্দীনের বড় ভাই খাজা মাইনুদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত স্থানীয় সাংসদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ কোনো স্থানীয় নেতা খোঁজখবর করেননি। আমরা খুব অসহায় বোধ করছি। একজনকে তো হারিয়েছি, মামলা করে পরিবারের আর কাউকে হারাতে চাই না। এখন দলের কেউ বা পুলিশ বাদী হয়ে যদি মামলা করে তো করুক। আমরা মামলা করতে যাব না।’নিহত মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের কর্মী, গোমস্তাপুর উপজেলার লেবুডাঙ্গা গ্রামের বশির আহমেদের বড় ভাই ফারুক আযম বলেন, ‘আমরা জানি না কারা আমার ভাইকে হত্যা করেছে। তা ছাড়া আমরা অন্য উপজেলার লোক। মামলার ঝামেলায় যেতে চাই না।’শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত কেউ থানায় মামলা করতে আসেননি। শ্যামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনিয়ন পরিষদ ভবনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। গত রোববার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের খোঁজপাড়া গ্রামে জামায়াত-আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।