পাঁচ দিনেও গ্রেপ্তার হননি পুলিশের অস্ত্র কেড়ে নেওয়া শিবির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের সদস্যকে পেটানো ইসলামী ছাত্রশিবিরের সেই নেতাকে গত পাঁচ দিনেও গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁর বাবাকে গ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে। ওই ঘটনার পর চোরাগোপ্তা হামলার ভয়ে পুলিশ নগরে রাতে বাইসাইকেলের টহল বন্ধ করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবারের ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যলয়ের শিবিরের নেতা শরীফুল ইসলাম ওরফে তুহিন। তাঁর বাড়ি নাটোরের লালপুরের হাশেমপুর গ্রামে। পপুলেশন সায়েন্স বিভাগ থেকে এবার স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন তিনি। আগে জোহা হল শাখা শিবিরের সভাপতি থাকলেও বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখার একটি সম্পাদকীয় পদের দায়িত্বে রয়েছেন।গ্রামের বাড়ি লালপুরে খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় আগে থেকেই শরীফুল ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত। পত্রিকায় ছবি ছাপার পর এলাকায় তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান তাঁর সম্পর্কে কিছু অবগত নন বলে জানান। তিনি বলেন, ‘ওই হামলাকারীর বাড়ি যে লালপুরে, সে ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। এ জন্য তাকে গ্রেপ্তারে কোনো অভিযানও চালানো হয়নি।’ স্থানীয় থানা সূত্রে জানা গেছে, পুলিশ শরীফুলের বাবাকে আটক করেছে। ওই দিনের ঘটনায় পুলিশ নগরের বোয়ালিয়া থানায় দুটি মামলা করে। একটি বিস্ফোরক আইনে ও অপরটি দ্রুত বিচার আইনে। দুই মামলাতেই শরীফুলকে আসামি করা হয়েছে।