বরগুনা সদর উপজেলার বরইতলা ফেরিঘাটের ইজারাদার ফয়সাল আহম্মেদকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
মামলার বাদী ও ফয়সাল আহম্মেদের স্ত্রী ফারহানা আহম্মেদ বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
নির্যাতনের শিকার ফয়সাল আহম্মেদ বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় গত শনিবার দুপুর ১২টার দিকে দুটি মাইক্রোবাস ও একটি অ্যাম্বুলেন্স নিয়ে বরগুনা পৌরসভার কাউন্সিলর রইসুল আলমের ছেলে মনজুরুল আলমের নেতৃত্বে ৮-১০ জন যুবক বরইতলা ফেরিঘাট এলাকায় আসে। সেখানে তারা ফয়সালকে প্রকাশ্যে মারধর করে তুলে নিয়ে যায়।
পৌর মার্কেটের পেছনের একটি ঘরে আটকে রেখে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। পরে তাঁকে আহত অবস্থায় বরগুনা সদরঘাট মসজিদ এলাকায় ফেলে রেখে যায়। পরে পুলিশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ফারহানা আহম্মেদ বাদী হয়ে বরগুনা থানায় চাঁদা দাবি ও অপহরণ করে নির্যাতনের অভিযোগে মামলা করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।