চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষে প্রাণহানির ঘটনার পাঁচ দিন পরও জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে করা পৃথক দুটি তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে যাননি। দুটি কমিটিকেই সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত তাঁরা নিহত চারজনের স্বজনদের সঙ্গেও কথা বলেননি। নিহত চারজনের পরিবার ও গ্রামবাসী এ দাবি করেছেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে। তাই পরিস্থিতি ‘অনুকূল’ না থাকায় তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে যেতে পারছেন না বলে জানা গেছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে সুশীল সমাজের প্রতিনিধিরা এই সংঘর্ষের ঘটনায় ‘স্বাধীন ও নিরপেক্ষ’ তদন্ত কমিটি গঠন করার দাবি জানান। এ ঘটনায় ‘পকেট’ তদন্ত কমিটি গঠন না করারও দাবি জানান তাঁরা।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নির্দেশে গণ্ডামারায় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা তদন্তে অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার বিকেলে সংঘর্ষের পর রাতেই ওই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির বাকি দুই সদস্য হলেন জেলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনোরঞ্জন দাশ ও জেলা সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে কমিটির প্রধান অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদ গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত কয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। ১৩ এপ্রিলের মধ্যে ঘটনার বিষয়ে কারও কোনো বক্তব্য থাকলে তা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত শেষ করা না গেলে আরও সময় চাওয়া হবে বলে জানান তিনি।
ঘটনাস্থলে তদন্ত কমিটির সদস্যরা গিয়েছেন কি না, তা জানতে চাইলে মোমিনুর রশিদ বলেন, ‘এলাকার পরিবেশ এখনো অনুকূলে আসেনি। শিগগিরই গণ্ডামারায় যাওয়ার ইচ্ছা আছে।’
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হন। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় বিদ্যুৎকেন্দ্রবিরোধী বসতভিটা ও গোরস্তান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গণ্ডামারার ঘটনার তদন্তে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারের নির্দেশে সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের পৃথক আরেকটি কমিটি গঠন করা হয়। এ কমিটিকেও সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কমিটির প্রধান অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান। বাকি দুই সদস্য হলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ আবদুল আওয়াল ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফারুক আহমেদ।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান গতকাল দুপুরে বলেন, তদন্ত অব্যাহত আছে। সময়সীমার মধ্যে শেষ না হলে নতুন করে সময় চাওয়া হবে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থল পরিদর্শন ও নিহত ব্যক্তিদের পরিবারের কথা তদন্ত কমিটি শুনছে কি না—এ প্রশ্নে হাবিবুর রহমান বলেন, পুলিশ নিজস্ব কৌশল অবলম্বন করে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত কমিটির কেউ এলাকায় যাননি এলাকাবাসীর এমন দাবির বিষয়ে তিনি বলেন, সাদা পোশাকে পুলিশ এলাকায় ঘুরে তথ্য সংগ্রহ করছে।
তবে সংঘর্ষে আহত লোকজন ও গ্রামবাসী বলছেন, ঘটনাস্থল ও এলাকায় পুলিশ এবং জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির কোনো সদস্য আসেননি। গত বুধবার ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে গণ্ডামারা বাজারে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার গিয়ে লোকজনকে আশ্বস্ত করেন যে নিরীহ কাউকে পুলিশ আটক করবে না। এরপর পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা পোশাকধারী পুলিশ সেখানে যায়নি। গত শুক্রবার বিকেলে হাদিরপাড়া বিদ্যালয় মাঠে স্মরণসভায় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুল হাসানকে দেখা গেছে। তিনি বাঁশখালী থানার সাবেক ওসি।
গুলিতে নিহত মর্তুজা আলীর মেয়ে পটু আক্তার গত শুক্রবার বিকেলে গণ্ডামারার স্মরণসভায় বলেন, পুলিশ ও প্রশাসনের কেউ তাঁদের বাড়িতে যায়নি। তাঁদের সঙ্গে কথা বলেনি।
তিন মামলার তদন্তের বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শনিবার দুপুর পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গুলিতে চারজন মারা যায়নি উল্লেখ করেন তিনি বলেন, ‘তদন্ত শেষ হওয়ার পর বলা যাবে, তাঁরা কার গুলিতে মারা গেছেন।’