পাঁচ দিনেও মামলা হয়নি, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় পুলিশের গুলিতে ব্যবসায়ী মহাতাব মোল্লাহ (৩০) ওরফে রুবেল নিহত হওয়ার পাঁচ দিন পরও মামলা হয়নি। পুলিশের বিরুদ্ধে মামলা করে কাজ হবে না, এমন আশঙ্কায় নিহত ব্যক্তির পরিবার মামলা করেনি।

এদিকে ওই ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় জেলা পুলিশ গত শুক্রবার রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে।

নিহত ব্যক্তির বাবা ইদ্রিস আলী ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশের বিরুদ্ধে মামলা করে কোনো লাভ হবে না। উল্টো ঝুঁকি বাড়বে। তাই মামলা করেননি; আল্লাহর কাছে বিচার দিয়েছেন।

তাহেরপুরের নার্সারি ব্যবসায়ী এস এম আরিফ জানান, ব্যবসায়ীদের পক্ষে আন্দোলনের নেতৃত্বদানকারী তাহেরপুর বণিক সমিতির সভাপতি আলাউদ্দিন (৫৬) মামলা করার উদ্যোগে নিয়েছিলেন। এতে তাঁর ওপর বিভিন্ন মহলের চাপ বাড়ে। সোমবার হূদেরাগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, এ ঘটনায় মামলা করার জন্য কাউকে উদ্বুদ্ধ করা বা না-করার জন্য পুলিশের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি।

পুলিশ সুপার আলমগীর কবির জানান, তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার চাঁদাবাজির প্রতিবাদ ও ঈদের আগে ব্যবসায়ীদের হয়রানি না করার অনুরোধ জানাতে তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমানের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পুলিশের সঙ্গে কথা বলতে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে গেলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে তৈরি পোশাক-ব্যবসায়ী মহাতাব মোল্লাহ নিহত ও ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জি এম মাহবুব ও সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) এলাহী বকসকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ১৬ জন পুলিশকে রাজশাহী পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।