পাঁচ দিনেও শনাক্ত হয়নি নিপীড়কেরা
পাঁচ দিন পেরিয়ে গেলেও ধানমন্ডি ৫ নম্বরে যৌন নিপীড়নকারী তরুণদের শনাক্ত করা যায়নি। গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) কর্তৃপক্ষ প্রথম আলোকে জানিয়েছে, ঘটনা তদন্তে প্রতিষ্ঠানটি সামহোয়্যার ইন ব্লগের দুজন প্রতিনিধির অন্তর্ভুক্তির জন্য অপেক্ষা করছে।যৌন নিপীড়নের প্রতিবাদ করায় যে ব্যক্তি নিপীড়কদের নির্যাতনের শিকার হয়েছিলেন, তিনি প্রথম আলোকে বলেন, ১০ মে রাতে ওই ঘটনা অনেকেই কাছ থেকে দেখেছে। ইউল্যাবের নিরাপত্তারক্ষী, আশপাশের দোকানদার এবং ওখানে যারা নিয়মিত আড্ডা দেয়, তাদের পক্ষে নিপীড়কদের শনাক্ত করা সম্ভব।অপর একজন ব্লগার সামহোয়্যার ইন ব্লগে একটি পোস্টে লিখেছেন, তিনি নিজে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। অভিযুক্ত দুজনকে একজন স্থানীয় দোকানদার সরিয়ে নিয়ে যান। অপর একজন নিজেকে ইউল্যাবের চতুর্থ বর্ষের ছাত্র হিসেবে পরিচয় দেন।ইউল্যাবের ভাষ্য: প্রথম আলোয় ‘যৌন নিপীড়ন প্রতিবাদী একজন মানুষ ও কিছু ঘটনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ইউল্যাব কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ইউল্যাবের শিক্ষার্থী পরিচয়ে কিছু অপরাধীর কর্মকাণ্ড যেভাবে বিবৃত হয়েছে, তা প্রতিষ্ঠান ও এর সব সদস্য সম্পর্কে ভুল ধারণা দিতে পারে। ইউল্যাব কর্তৃপক্ষ ঘটনাটি জানার পর অভিযোগকারী ব্লগারের সঙ্গে যোগাযোগ করে তারা আলোচনা করে। এ ছাড়া ইউল্যাব কর্তৃপক্ষ ক্যাম্পাসে পোস্টারিং ও ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীসহ সবাইকে বিষয়টি সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানায়।