উপজেলা পরিষদ নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও বরাদ্দকৃত সম্মানী পাননি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মথুরাপুর কেন্দ্রে দায়িত্ব পালনকারী ৩৪ কর্মকর্তা-কর্মচারী।
মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের দায়িত্ব পালনকারী একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৯ ফেব্রুয়ারি সকালে তাঁরা ভোট গ্রহণ শুরু করেন। সাড়ে ১০টার দিকে কয়েক শ লোক একত্র হয়ে হঠাৎ তাঁদের কেন্দ্রে হামলা চালায়। তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী লাঞ্ছিত হন। পরে কেন্দ্রে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর তৎপরতায় তাদের ভোটদানের চেষ্টা ব্যর্থ হয়। তবে তারা ব্যালট পেপারগুলো নিয়ে যায়। এরপর প্রশাসনের কর্মকর্তাদের বিষয়টি জানালে তাঁরা ভোট গ্রহণ স্থগিত করেন। তাঁরা আরও জানান, টাকা দেওয়া হবে বলে রাত ১০টা পর্যন্ত তাঁদের বসিয়ে রাখা হয়। পরে আর তাঁরা টাকা পাননি।
এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ জেড এম আল মামুন জানান, কেন্দ্রে ঝামেলা হওয়ায় টাকাটা দেওয়া হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে টাকা জমা আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সবুজ সংকেত পেলেই তাঁরা সবাইকে টাকা দিয়ে দেবেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আলী প্রিন্স জানান, টাকা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।