মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় মোরা আঘাত হানার পাঁচ দিন পরও গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক হয়নি উপদ্রুত বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিস্থিতি। ঝড়ের পর এখনো রাঙামাটি শহরের একাংশ এবং চার উপজেলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা এবং কক্সবাজারের মহেশখালীর বেশির ভাগ এলাকা এখনো অন্ধকারে রয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
রাঙামাটি: ঘূর্ণিঝড় মোরা আঘাত হানার পর রাঙামাটি শহরের অধিকাংশ এলাকায় গত বুধবার বিদ্যুৎ-সংযোগ চালু হয়। তবে পাঁচ দিন পর গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত শহরের রাজনবিহার এলাকা, টিটিসি (টিচার্স ট্রেনিং সেন্টার) এলাকা, বিহারপুর, ভালেদি আদাম, বিলাইছড়ি পাড়ায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। এ ছাড়া লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল উপজেলা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোরার আঘাতে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ে। বেশ কিছু বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়ে। এরপর রাঙামাটি শহর, রাজস্থলী, কাপ্তাই, কাউখালী ও নানিয়ারচর উপজেলার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, ঘূর্ণিঝড় মোরা আঘাতের পর উপজেলায় বিদ্যুৎ নেই। ফলে কয়েক হাজার গ্রাহক চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুধু জুরাছড়ি নয়, পাশের বিলাইছড়ি ও বরকল উপজেলায়ও বিদ্যুৎ-সংযোগ নেই।
কাপ্তাই উপজেলা আবাসিক প্রকৌশলী মো. মুজিদ বলেন, কাপ্তাই সদর এলাকায় পুরোপুরি সংযোগ দেওয়া হয়েছে। তবে লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল উপজেলায় এখনো বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
রাঙামাটি জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার বলেন, ‘আমরা চার দিনে শহরের ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ-সংযোগ দিয়েছি। বাকি অংশে সংযোগ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের মাত্র এক ইউনিট চালু আছে। এতে ৩৮ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মাত্র এই বিদ্যুৎও পুরোপুরি খরচ হচ্ছে না।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবারের ঘূর্ণিঝড় মোরার আঘাতে ৩৪টি বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়। গতকাল শনিবার পর্যন্ত ১৮টি বিদ্যুতের খুঁটি মেরামত করেছে পল্লী বিদ্যুৎ বিভাগ। এতে পৌরসভার কিছু এলাকায় বিদ্যুৎ-সংযোগ এসেছে। এখনো পৌরসভার কিছু এলাকাসহ সাতটি ইউনিয়নে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আবুল বাশার শামসুদ্দিন আহমেদ বলেন, ঝড়ের পর বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ চলছে। এর ফলে ২৪ হাজার ৫০০ গ্রাহকের মধ্যে ৩ হাজার গ্রাহক বিদ্যুৎ-সংযোগ পেয়েছেন। আরও তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে।