পাঁচ দিনের ছুটিতে ফাঁকা ঢাকা
দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে টানা দুই দিন সরকারি ছুটি থাকায় গতকাল মঙ্গলবার থেকে ফাঁকা হতে শুরু করে ঢাকা। মাঝখানে এক দিন কাল বৃহস্পতিবার ছুটি নিয়ে অনেকেই পরদিন শুক্র ও শনিবারসহ পাঁচ দিন মিলিয়ে লম্বা ছুটি পেয়েছেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো সপ্তাহব্যাপী বন্ধ রয়েছে। ফলে রাজধানীর সড়কগুলোতে নেই চিরচেনা যানজট।
টানা পাঁচ দিন ছুটি পেয়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। কমলাপুর রেলস্টেশন, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাসস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় ছিল লক্ষ করার মতো। এর মধ্যে অনেকেই পরিবার নিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনাসহ বিভিন্ন অঞ্চলে বেড়াতে যাচ্ছেন। ঈদুল আজহার পর এটাই ছিল লম্বা ছুটি।
গতকালও কমলাপুর রেলস্টেশনে টিকিটের জন্য ছিল লম্বা লাইন। এর মধ্যে বেশির ভাগ মানুষই আজ ও কাল গ্রামে যাওয়ার জন্য অগ্রিম টিকিট কিনছেন। এর মধ্যে সিলেট ও চট্টগ্রাম বেড়াতে যাওয়ার জন্যও অনেকে টিকিট নিয়েছেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ। একইভাবে সায়েদাবাদ টার্মিনালে ছিল বাসযাত্রীদের ভিড়। কিছুক্ষণ পরপরই যাত্রীবোঝাই দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে। এ ছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালে দুপুর থেকেই দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় ছিল। ফলে রাজধানীর প্রায় সব সড়কই ফাঁকা ছিল। কোথাও তেমন কোনো যানজট ছিল না। পাঁচ দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে লঞ্চে করে গ্রামের বাড়ি পটুয়াখালী যাচ্ছেন তোফাজ্জাল হোসেন। তিনি বলেন, দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে দুই দিন বন্ধ। বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। পরদিন শুক্র ও শনিবারও সরকারি বন্ধ। এই সুযোগেই গ্রামে যাচ্ছেন তাঁরা।
কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের আটটি টিকিট কিনেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল খান। তিনি বলেন, সাধারণত এমন বড় সরকারি ছুটি পাওয়া যায় না। তাই দুর্গাপূজা ও আশুরায় বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় বন্ধুরা মিলে তিন দিনের জন্য চট্টগ্রামে বেড়াতে যাবেন।