পাঁচ দিনের জন্য প্রস্তুত বিনোদনকেন্দ্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে নগরবাসীকে আনন্দ দিতে প্রস্তুত রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো। প্রস্তুতির এই ছবি গতকাল শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড থেকে তোলা l প্রথম আলো
ঈদের ছুটিতে নগরবাসীকে আনন্দ দিতে প্রস্তুত রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো। প্রস্তুতির এই ছবি গতকাল শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড থেকে তোলা l প্রথম আলো

এবারের ঈদে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। যাঁরা রাজধানীতে থাকছেন, তাঁদের ঈদকে রাঙাতে পাঁচ দিনের ছুটি মাথায় রেখে নানা আয়োজন নিয়ে তৈরি হয়েছে ঢাকার বিনোদনকেন্দ্রগুলো। ঈদের দিন থেকেই এসব বিনোদনকেন্দ্রে সব বয়সের মানুষের ঢল নামবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিনোদনকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, দর্শনার্থীদের কথা চিন্তা করে নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। প্রতিদিনই চালু থাকবে বিনোদনকেন্দ্রগুলো। ‘নিরাপদ বিনোদন সেবা’ দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তাঁরা।

বরাবরের মতো শাহবাগের শিশুপার্ক ও জাতীয় জাদুঘর, লালবাগ কেল্লা, চিড়িয়াখানার পাশাপাশি শ্যামলীর শিশু মেলায় (ডিএনসিসি ওয়ান্ডার ল্যান্ড পার্ক), গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের ঢল নামবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এ ছাড়া রাজধানীর উন্মুক্ত উদ্যানগুলোসহ হাতিরঝিল, ধানমন্ডি লেক, সংসদ ভবন এলাকা ঈদের ছুটিতে আগ্রহের কেন্দ্রে পরিণত হতে পারে।

গতকাল শাহবাগ জিয়া শিশুপার্কে গিয়ে দেখা গেল, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। রং লাগানো হচ্ছে বিভিন্ন রাইডে। দায়িত্বরত কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান জানান, ঈদের দিন সকাল ১০টা থেকে শিশুপার্ক খোলা থাকবে। টানা ৫ দিন এই সূচি চলবে। 

সকাল ৮টা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার ফটক। নিয়মিত সূচিতে চলবে এর কার্যক্রম। ঈদের বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদ আনন্দ ঝামেলামুক্ত করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ‘বিশেষ নিরাপত্তাব্যবস্থা’ নিয়েছে বলে জানান কিউরেটর নজরুল ইসলাম। 

লালবাগ কেল্লার দায়িত্বে থাকা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান হালিমা আফরোজ প্রথম আলোকে জানান, ঈদের দিন বন্ধ। ঈদের পরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালবাগ কেল্লা খোলা থাকবে। কেল্লার ভেতরের জাদুঘরটিও খোলা থাকবে।

ঈদের দিন জাতীয় জাদুঘর বন্ধ থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির সচিব। পরদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘর ও সদরঘাটের আহসান মঞ্জিল জাদুঘরের কার্যক্রম চলবে। ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় খুলবে জাদুঘর।

মিরপুর, মোহাম্মদপুর, আগারগাঁওসহ ঢাকা উত্তরের বিভিন্ন এলাকার বিনোদনপিয়াসীদের কাছে শ্যামলী এলাকার শিশু মেলা খ্যাত ‘ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড’টি জনপ্রিয়। বেশ কিছুদিন বন্ধ থাকার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নতুন নাম নিয়ে বিনোদনকেন্দ্রটি চালু হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নুরুল হুদা প্রথম আলোকে জানান, ঈদের দিন থেকে টানা ৫ দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড। 

বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডমের হেড অব মিডিয়া অ্যান্ড কেয়ার মাহফুজ রহমান প্রথম আলোকে বলেন, পার্কের কনকর্ড, ওয়াটার কিংডম কনকর্ড, হেরিটেজ পার্ক কনকর্ডের নিয়মিত রাইডের সবগুলোই খোলা থাকবে। পাশাপাশি ঈদের পুরো সপ্তাহে থাকছে ডিজে শো, বিভিন্ন গেম শো।