গত বুধবার ঢাকার দুটি সিটি করপোরেশনে স্থানীয় সরকার বিভাগের দুই অতিরিক্ত সচিবকে প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পাঁচ দিনের মাথায় গতকাল সোমবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন দুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলাম এবং উত্তর সিটি করপোরেশনে রাজউকের সদস্য (শিক্ষা মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন) আকতার হোসেন ভূঁইয়াকে প্রশাসক করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই দুজনকে ওই দুই পদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সরকারি সূত্রগুলো বলেছে, প্রশাসকের মতো গুরুত্বপুর্ণ দুটি পদে দুজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য ছিল। এর পরিপ্রেক্ষিতে সরকার নতুন দুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।