পাঁচ দিনের মাথায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার রাজধানীর কলেজছাত্র এস এম নাইমের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানসংলগ্ন নদীর তীরে গতকাল দুপুরে লাশটি পাওয়া যায়। নাইম তিতুমীর কলেজের বাণিজ্য বিভাগের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, গতকাল দুপুর একটার দিকে পুলিশ অজ্ঞাতনামা হিসেবে নাইমের লাশ উদ্ধার করে। পরে স্বজনেরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ঘটনা তদন্তকারী মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, পাঁচ দিন আগে নিখোঁজ হয়েছিলেন নাইম। লাশে পচন ধরে যাওয়ায় মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
নাইমের ভাই এস এম ওয়াসিম এটি হত্যাকাণ্ড বলে দাবি করেন।