পাঁচ দিনের মাথায় আবার পুনর্গঠন হাইকোর্টের ১৫টি বেঞ্চ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবার ১৫টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নিজ ক্ষমতাবলে আংশিক পরিবর্তন এনে এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।পুনর্গঠিত বেঞ্চের মধ্যে কয়েকটির কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন এবং কোনো কোনোটির শুধু বিচারপতিদের এখতিয়ার পরিবর্তন করা হয়েছে।এর আগে ৭ জানুয়ারি হাইকোর্টের ৩৯টি বেঞ্চ গঠন ও পুনর্গঠন এবং বিচারপতিদের এখতিয়ারের পরিবর্তন আনা হয়। ওই সব বেঞ্চেরও কয়েকটির গতকাল আবার পুনর্গঠন করা হয়।গতকাল পুনর্গঠিত বেঞ্চগুলোর মধ্যে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে ফৌজদারি মোশন ও আপিল শুনানির এখতিয়ার দেওয়া হয়। এর আগে এই বেঞ্চে জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে ছিলেন বিচারপতি মিজানুর রহমান ভূঁঞা। রিট মোশনসহ সব রিট শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চকে। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. আতাউর রহমান খানকে ভ্যাট, কাস্টমস, করসংক্রান্ত রিটসহ সব রিট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। আর ভ্যাট, শুল্ক, কর ও দেউলিয়া আইনসংক্রান্ত রিট ব্যতীত সব রিট মোশন শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চকে। এর আগে জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে ছিলেন বিচারপতি মো. রেজাউল হক। দেওয়ানি মোশন, প্রথম আপিল পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ সমন্বয়ে গঠিত বেঞ্চকে।৭ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে দেওয়ানি মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। গতকাল এই বেঞ্চের এখতিয়ার পরিবর্তন করে ফৌজদারি আপিল শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। প্রথম আপিল, বিবিধ আপিল শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানকে। বিচারপতি মাশুক হোসেন আহমদের দ্বৈত বেঞ্চ থেকে তাঁকে একক বেঞ্চে সহকারী জজ আদালতের বিচারক ব্যতীত অন্য বিচারকের ডিক্রি এবং দেওয়ানি রিভিশন মোকাদ্দমা শুনানির ক্ষমতা দেওয়া হয়। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আব্দুস সামাদকে দেওয়া হয় ফৌজদারি আপিল, জেল আপিল পরিচালনার দায়িত্ব।বিচারপতি মো. ফরিদ আহাম্মদ ও বিচারপতি এম ইনায়েতুর রহিমকে দেওয়ানি রিভিশনের পরিবর্তে প্রথম আপিল এবং বিবিধ আপিল শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। ভ্যাট, কাস্টমস, করসংক্রান্ত রিট মোশন ও এ সংক্রান্ত রিট বিষয়াদি শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি শেখ আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চকে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. রেজাউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চকে ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল, তত্সংক্রান্ত জামিনের আবেদন, জেল আপিল, জামিন ও বাতিল আবেদন শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে।বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারকে অর্থঋণ আদালত ও দেউলিয়াসংক্রান্ত বিষয়াদির পরিবর্তে রিট মোশন শুনানির ক্ষমতা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চকে ভ্যাট, কাস্টমস ও করসংক্রান্ত রিটসহ সব রিট বিষয়াদি পরিচালনা, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত বেঞ্চকে সব রিট (কাস্টমস, করসংক্রান্ত রিট ব্যতীত) শুনানির ক্ষমতা দেওয়া হয়।