‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনকে অর্থ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার পোশাক ব্যবসায়ী এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। র্যা বের দাবি, এনামুল শহীদ হামজা ব্রিগেডের জঙ্গি মনিরুজ্জামান ওরফে ডনের ব্যাংক হিসাব নম্বরে ১৬ লাখ টাকা দিয়েছেন।
গতকাল রোববার দুপুরে এনামুলকে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করে র্যা ব। তাঁকে গত ২১ ফেব্রুয়ারি বাঁশখালী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাঁশখালী আদালতের নিবন্ধন শাখার উপসহকারী পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আদালতে এনামুলের কোনো আইনজীবী ছিলেন না। আদালত প্রাঙ্গণে তাঁর কোনো স্বজনকেও দেখা যায়নি।
জঙ্গি অর্থায়নের অভিযোগে এর আগে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে র্যা ব। পরে তিন আইনজীবীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তিন আইনজীবীকে। র্যা বের দাবি, শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দিয়েছেন তাঁরা।
র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শহীদ হামজা ব্রিগেডকে এনামুল ১৬ লাখ, আইনজীবী শাকিলা ফারজানা দুই দফায় ৫২ লাখ, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ, আইনজীবী মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকাসহ মোট ১ কোটি ২৪ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া কারাবন্দী জঙ্গি মনিরুজ্জামানের ১৪টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।
গত শনিবার ঢাকা থেকে গ্রেপ্তারের পর গতকাল সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় র্যা ব-৭ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনামুলকে হাজির করা হয়। তবে সাংবাদিকদের সঙ্গে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ২০১৪ সালের ১১ আগস্ট এনামুল ঢাকার উত্তরার ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে চট্টগ্রামের ওআর নিজাম রোডের ইসলামী ব্যাংক শাখায় ১৬ লাখ টাকা জমা দেন। ওই হিসাব নম্বরটি জঙ্গি মনিরুজ্জামানের। এনামুল র্যা বকে জানিয়েছেন, ব্যাংকে টাকা জমা দেওয়ার চার-পাঁচ দিন আগে তিন ব্যক্তি এসে ১৬ লাখ টাকা দেন তাঁকে। পোশাক সরবরাহের জন্য ওই টাকা দেওয়া হয়। পরে তাঁরা কার্যাদেশ (অর্ডার) বাতিল করে মনিরুজ্জামানের সানজিদা এন্টারপ্রাইজের ওই হিসাব নম্বরে টাকা ফেরত দিতে বলেন।
মিফতাহ উদ্দিন বলেন, এনামুল গোল্ডেন টাচ অ্যাপারেলসের মালিক হলেও সানজিদা এন্টারপ্রাইজকে টাকা ফেরত দেওয়ার সময় তাঁর বর্তমান পরিচয় গোপন করেন। গানেক্স মাশরুম লিমিটেড নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করেন তিনি। এতে বোঝা যায় তাঁর কোনো অসৎ উদ্দেশ্যে ছিল। ওই তিনজনের পরিচয় এবং আদৌ তিন ব্যক্তি এনামুলকে টাকা দিয়েছেন কি না, নাকি তিনি নিজেই জঙ্গিদের টাকা দিয়েছেন, এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এনামুলের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না—এই প্রশ্নে র্যা ব-৭-এর অধিনায়ক বলেন, এনামুল একটি সংগঠনের সমর্থক। তবে কোন সংগঠন, তা জানাননি। এনামুলের বাড়ি যশোরে। ছাত্র অবস্থায় গানেক্স মাশরুম লিমিটেড নামে মাশরুমের ব্যবসা করতেন। মিফতাহ দাবি করেন, ‘ওই তিনজন লোককে এনামুল চেনেন না, আর তাঁরা তাঁকে ১৬ লাখ টাকা দিয়েছেন। আবার তিনি তাঁদের কথামতো টাকাগুলো ব্যাংকে জমা দিয়েছেন। বিষয়টি রহস্যজনক নয় কী?’