কোকেন শনাক্তের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মেহেদী আলমকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। এ ছাড়া মামলার তিন আসামি চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মী গোলাম মোস্তফা, আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল ও মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমানকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
কোকেন মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার মেহেদী আলম যুক্তরাজ্যপ্রবাসী ফজলু মিয়ার শ্যালক ও গোলাম মোস্তফার খালাতো ভাই। তেলের চালানটি বন্দর থেকে খালাসের জন্য মেহেদীই প্রথম ফজলু মিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই মামলায় গ্রেপ্তার অন্য আসামির জিজ্ঞাসাবাদেও তার নাম এসেছে।
তদন্ত কর্মকর্তা জানান, আসামি মোস্তফা কামাল ও আতিকুর রহমানকে প্রথম দফায় ১০ দিন এবং দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গোলাম মোস্তফাকেও দুই দফায় মোট ১০ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চালানটি আনার সঙ্গে জড়িত দেশি-বিদেশি বেশ কয়েকজন ব্যক্তির নাম ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজন হলে আবারও তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই দিনই খাতুনগঞ্জ থেকে আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফাকে আটক করা হয়। ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হওয়ায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। ৩০ জুন ঢাকা থেকে কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ গত রোববার মেহেদী আলমকে গ্রেপ্তার করা হয়।