পাঁচ দিনের সফরে ঢাকায় তারানকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার ফার্নান্দেজ তারানকো
অস্কার ফার্নান্দেজ তারানকো

জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন। এ সফরের সময় ‘পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধানে’র মাধ্যমে একটি ‘অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত’ নির্বাচনের জন্য দুই দলকে সংলাপে উৎসাহ জোগাতে এটা হতে পারে জাতিসংঘের শেষ উদ্যোগ।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সফরে তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দুই দফা আলোচনা করবেন। আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী ও সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে প্রথম দফা বৈঠক হবে তারানকোর। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর আলোচনা হবে। ৯ ডিসেম্বর দুই নেত্রী ও দুই দলের নেতাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করবেন তিনি।
জাতিসংঘের সহকারী মহাসচিব এ সফরের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সরকার তাঁর এ অনুরোধে সাড়া দেয়নি।
রাজনৈতিক সংকট কাটাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি হিসেবে অস্কার ফার্নান্দেজ তারানকো এর আগে দুবার ঢাকা সফর করেন। প্রথমবার গত বছরের ডিসেম্বরে এবং দ্বিতীয়বার এ বছরের মে মাসে তিনি ঢাকায় আসেন। এবারকার ঢাকা সফরে তারানকো পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন জাতিসংঘের নির্বাচন সহায়তা বিভাগের পরিচালক, মধ্যস্থতা বিশেষজ্ঞ ও রাজনীতি বিভাগের দুই কর্মকর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ দিনের সফরের সময় তারানকো প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। ১০ ডিসেম্বর তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।