পাঁচ দিনের সফরে ভুটানের রাজা ঢাকায়, বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। খবর বাসসের।রাজা নামগেল বেলা ১২টা ১২ মিনিটে দ্রুক এয়ারের একটি বিশেষ বিমান থেকে অবতরণ করলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান। তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, রাষ্ট্রপতির দপ্তরের সংশ্লিষ্ট সচিবেরা, তিন বাহিনীর প্রধানেরা, কূটনৈতিক কোরের প্রধানসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।বিমানবন্দর থেকে ভুটানের রাজা সরাসরি সোনারগাঁও হোটেলে যান। রাজা ওয়াংচুকের সফরসঙ্গী হিসেবে সে দেশের পূর্ত ও জনবসতিমন্ত্রী লিওনপো ইয়েশে জিমবাসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল এসেছে।রাজা তাঁর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।