পাঁচ দিনের সফরে সৌদি আরবে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

পাঁচ দিনের সরকারি সফরে গতকাল শুক্রবার সৌদি আরবে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে এ সফরে গেছেন তিনি।
বাদশাহ সালমানের সিংহাসনে আরোহণের পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সৌদি আরব সফর। গতকাল বিকেল সোয়া চারটায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ছাড়াও একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছে।
স্থানীয় সময় দন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি জেদ্দা বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান।
যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজের ভোজসভায় যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে বাদশাহ ফয়সাল প্রাসাদে নিয়ে যাওয়া হয়। ভোজসভা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে জেদ্দা রয়্যাল কনফারেন্স প্যালেসে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী আজ শনিবার মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং ফজরের নামাজ আদায় করবেন। রোববার জেদ্দার আন্দালুসে সৌদি বাদশাহর সঙ্গে আল সালাম প্রাসাদে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বৈঠকে দুদেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে। সোমবার সকালে মদিনা যাবেন প্রধানমন্ত্রী। তিনি পবিত্র মসজিদে নববিতে আসর ও মাগরিবের নামাজ আদায় করবেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।