পাঁচ দুর্ঘটনায় গেল নয় প্রাণ
দেশের পাঁচ জায়গায় আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাস উল্টে নিহত হয়েছে চারজন। টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী মা ও সাত মাসের সন্তান নিহত হয়। রাজধানীর বংশালে বাসের ধাক্কায় নিহত হন অটোরিকশার আরোহী বেসরকারি মেডিকেল কলেজের এক শিক্ষার্থী। রাজশাহীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী এক ব্যক্তির প্রাণ গেছে। আর বগুড়ার ধুনট উপজেলায় দেশীয় দুটি যানের সংঘর্ষে নিহত হয়েছেন একজন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চকরিয়া: হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস উল্টে পাশের খাদে পড়ে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন। তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন।
সকাল সাড়ে নয়টার দিকে ঘটা এ দুর্ঘটনায় নিহত লোকজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ঢাকার রায়েরবাগ এলাকার কুলসুমা আকতার (২৭), তাঁর বোন আয়েশা আকতার (২৫), গাড়িচালক ও ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা আমির হোসেন (৩৫)। মাইক্রোবাসটি জব্দ করা রয়েছে।
টাঙ্গাইল: হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী সাফিয়া আক্তার (২১) ও তাঁর সাত মাসের সন্তান সাখাওয়াত নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত লোকজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে।
ঢাকা: রাজধানীর বংশাল থানার নর্থসাউথ রোড এলাকায় সকালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সাদিয়া হাসান (২২) নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী। এ ঘটনার পর ওই কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। লালবাগ জোনের অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন জানান, বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের চাপায় সাইকেলারোহী রেজাউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, ময়নাতদন্তের জন্য রেজাউলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।
ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় চান্দিয়ার গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় দুপুর ১২টার দিকে ভটভটি ও ট্রলির (দেশীয় যান) মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম সরকার (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ভটভটিতে ছিলেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত আবুল কালাম সরকার একজন গরু ব্যবসায়ী।
আরও পড়ুন
চকরিয়ায় পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৪
http://www.prothom-alo.com/bangladesh/article/1089598/
সড়ক দুর্ঘটনায় মেডিকেল ছাত্রী নিহত, বিক্ষোভ
http://www.prothom-alo.com/bangladesh/article/1089592/