সরকারি মজুত বাড়াতে পাঁচ দেশ থেকে চাল আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মোট ১২ লাখ টন চাল আনার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে তিনটি দেশের সঙ্গে আমদানির আলোচনা চূড়ান্ত করে আনা হয়েছে। ভিয়েতনামের সঙ্গে আড়াই লাখ টনের পর এবার থাইল্যান্ডের সঙ্গে ২ লাখ টন চাল আমদানির চুক্তি করেছে খাদ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ভিয়েতনাম থেকে চালবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে এসব কথা জানা গেছে।
খাদ্য মন্ত্রণালয় থেকে আরও বলা হচ্ছে, চাল সরবরাহের ব্যাপারে আলোচনা করতে ও দাম নির্ধারণ করতে ১৬ জুলাই ভারতের একটি প্রতিনিধিদল এবং ২৮ জুলাই থাইল্যান্ডের একটি প্রতিনিধিদল ঢাকা আসছে। তাদের সঙ্গে বসে দরদাম ঠিক করে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি বা জিটুজি ভিত্তিতে চাল আনা হবে। এ ছাড়া কম্বোডিয়া চাল রপ্তানির ব্যাপারে সমঝোতা চুক্তির খসড়া খাদ্য মন্ত্রণালয়কে পাঠিয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে গত তিন দিনে বাজারে মোটা চালের দামও কিছুটা কমেছে। প্রতি কেজি চালের দর ৪৭ টাকা থেকে কমে ৪৫ টাকা হয়েছে। পাইকারি দরও কমে ৪০ থেকে ৪৩ টাকায় দাঁড়িয়েছে। তবে সরকারি চালের মজুত এখনো খুব একটা বাড়েনি। সাধারণভাবে গুদামে ন্যূনতম মজুত ৬ লাখ টন থাকার কথা। গতকাল পর্যন্ত চালের মজুত ছিল ১ লাখ ৭১ হাজার টন। চাল ও গম মিলিয়ে মজুত আছে ৩ লাখ ৩৭ হাজার টন।
এদিকে বেসরকারি খাতে চাল আমদানিতেও গতি এসেছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে নতুন করে ২ লাখ টন চাল আমদানির ঋণপত্র খোলা হয়েছে। এতে গত এক মাসে মোট ঋণপত্রের পরিমাণ প্রায় ৬ লাখ টনে পৌঁছেছে। এর কারণ হিসেবে খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে চালের দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে বিশ্বের প্রধান চারটি চাল রপ্তানিকারক দেশ চালের দাম প্রতি টনে ১০ থেকে ২০ ডলার কমিয়ে দিয়েছে।
এদিকে গতকাল খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে বলেছেন, এ বছর বোরো মৌসুমে সরকারকে চাল না দেওয়ায় ১৬ হাজার চালকলকে তিন বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘বাজারে চালের দাম বাড়ার একমাত্র কারণ হচ্ছে অসাধু ব্যবসায়ীরা হাওর অঞ্চলে অকাল বন্যার পর থেকেই চাল মজুত করেছিল। আমরা যে ক্রয়মূল্য (৩৪ টাকা) দিয়েছিলাম, বাজারের মূল্যের সঙ্গে তার বিরাট ফারাক ছিল। ফলে আমরা সংগ্রহ করতে পারিনি।’
খাদ্য অধিদপ্তরের হিসাবে, দেশে প্রায় ২০ হাজার মিল আছে, যার মধ্যে ১৬ হাজার মিলকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
সে ক্ষেত্রে সরকারিভাবে তালিকাভুক্ত চার হাজার মিল থেকে চাহিদা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা সম্ভব কি না—এ প্রশ্নে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান বলেন, সরকার অভ্যন্তরীণভাবে ১০ থেকে ১২ লাখ টন চাল সংগ্রহ করে। এই পরিমাণ চাল দুই থেকে আড়াই হাজার মিল থেকেই সংগ্রহ করা যাবে। এ বছর যারা সরকারকে চাল দিচ্ছে, তাদের পুরস্কার হিসেবে আগামী আমন মৌসুমে সরকারি গুদামে চাল সরবরাহের অগ্রাধিকার দেওয়া হবে। œ
খাদ্যমন্ত্রী বলেন, ‘ট্যারিফ উঠিয়ে দেওয়ার পর ঈদের পর ভারত থেকে বেসরকারিভাবে ৮৪ হাজার টন চাল দেশে এসেছে। এখন আমাদের কোনো রকম সমস্যা নাই। অভ্যন্তরণীভাবেও চাল সংগ্রহ করা হচ্ছে।’ œ
কামরুল ইসলাম বলেন, ‘এখন থেকে মজুত-সংক্রান্ত বিষয়ে আপনাদের ইতিবাচক নিউজই আশা করছি। নেতিবাচক নিউজ করারই সুযোগ পাবেন না।’