ঈদকে ঘিরে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় অন্তত পাঁচ ধরনের অসাধু চক্র প্রতিবছরের মতো এবারও সক্রিয় হয়ে উঠছে। ১৬ জুন রাতে পুলিশ ছিনতাইকারী চক্রের একটির দলনেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবারও ফারুক প্রামাণিক (২৪) নামের চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, ঈদকে ঘিরে ঘাট এলাকায় অসাধু চক্র সক্রিয় হয় বলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছিনতাই ও পকেটমার: এ চক্র যাত্রীবেশে বুকিং কাউন্টার, বিকল্প সড়ক, লঞ্চঘাট মোড় ও ফেরিঘাটের জিরো পয়েন্টে অবস্থান নেয়। সুযোগ বুঝে নারী যাত্রীদের লাগেজ, ব্যাগ, গলার চেইন, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে চম্পট দেয়। এ ছাড়া আশপাশেও তৎপর চক্রের সদস্যরা। ২১ জুন রাত ১১টা ও সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ব্যাপারীপাড়া সড়কে সুলতান শেখ (২০) ও শাহজাহান শেখ (৫৭) নামের দুজনকে কুপিয়ে ও হাত-পা বেঁধে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এর আগে ১৬ জুন রাতে দৌলতদিয়া ফেরিঘাট বিকল্প সড়কে এক যাত্রীর মুঠোফোন ছিনতাই হয়। পুলিশ এ চক্রের একটির দলনেতা স্থানীয় জলিল সরদারপাড়ার লিটন সরদারসহ চক্রের সদস্য জলিল মুন্সিপাড়ার সাইদুল মোল্লা ও শাহাজদ্দিন ব্যাপারীপাড়ার সাইফুল মোল্লাকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন।
সাজা পাওয়া লিটন সরদার বলেন, স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে তিনটি দল ঘাটের কয়েকটি স্থানে ছিনতাই করে থাকে।
অজ্ঞান ও মলম পার্টি: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১২ জন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। ১২ মে উপজেলার ছোটভাকলা গ্রামের আরিফ হোসেন (২০) ফেরিতে উঠলে অজ্ঞাত এক ব্যক্তি সখ্য গড়ে তাঁকে শসা খাওয়ায়। এতে তিনি অচেতন হয়ে পড়লে টাকাপয়সা নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। ১১ মে ঢাকা থেকে বাসে পুলিশ কর্মকর্তা (এসআই) শহিদুল ইসলাম (৪২) কর্মস্থল ঝিকরগাছায় যাওয়ার পথে ফেরিতে উঠে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাঁর মানিব্যাগসহ সাড়ে সাত হাজার টাকা নিয়ে যায়। এ সময় চক্রের সদস্য নড়াইলের নরাগাতি গ্রামের শফিকুল সর্দার (৩১), রনি শিকদার (২৭) ও বাগেরহাট মোল্যারহাটের বোরহান শেখকে (৪২) গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।
ফেরিতে জুয়া: দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট এলাকার ৩০-৪০ জনের জুয়াড়ি চক্র রয়েছে। এরা রাতের বেলা ইঞ্জিনচালিত ট্রলারে করে এসে ফেরিতে উঠে তাস নিয়ে জুয়া খেলতে বসে। চক্রটি যাত্রী ও যানবাহনের চালকদের আকৃষ্ট করতে নানা প্রলোভন দেখায়। এতে প্রলুব্ধ হয়ে খেলতে নেমে যাত্রীরা সর্বস্ব খোয়ান। কেউ খেলতে রাজি না হলে তাঁর সবকিছু কেড়ে নিয়ে দ্রুত ফেরি থেকে নেমে যায় এরা। চক্রটি সশস্ত্র থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহসিন মিয়া বলেন, লোকবল কম থাকায় প্রতি ফেরিতে পুলিশ দেওয়া সম্ভব হয় না। যে ফেরিতে পুলিশ নেই, সেই ফেরিতেই জুয়াড়ি চক্র ওঠার চেষ্টা করে। তারপরও এ ধরনের সংবাদ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হয়।
দালাল চক্র: ঘাটের বুকিং কাউন্টার ঘিরে গড়ে উঠেছে বিশাল দালাল চক্র। ঈদের আগে ও পরের ছয় দিন ট্রাক পারাপার বন্ধ থাকায় চক্রের সদস্যরা এ সময় সাধারণ পরিবহনক্রম ভঙ্গ করে গাড়ি আগে পার করার কাজে নেমে পড়ে। অনেক সময় যাত্রীর হাতে ভুয়া টিকিট ধরিয়ে দেয় তারা।
পণ্য বিক্রিতে প্রতারণা: অনেকে ঘাট এলাকা থেকে ফলসহ নানা পণ্য কিনে থাকেন। বিশেষ করে ফল ক্রয়কালে ঠোঙার নিচে মোটা, ভেজা ধরনের কাগজ দেওয়া থাকে। তাতে অন্তত ১০০-২০০ গ্রাম ওজন বেড়ে যায়। এ ছাড়া ফল কেনার পর কৌশলে পচা ফলের ঠোঙা ক্রেতার হাতে ধরিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, যাত্রী ও যানবাহন পারাপার নিশ্চিত করতে ঈদের আগে ও পরে ঘাট এলাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবেন।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ঘাটের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে, ঈদের আগেই আরও বসানো হবে। আগামী ১ জুলাই থেকে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ, আনসার, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য নিয়োজিত থাকবেন।