পাঁচ নদীর বুকে ফসলের আবাদ
নড়াইলের একসময়ের খরস্রোতা মধুমতী, নবগঙ্গা, চিত্রা, কাজলা ও নলিয়া নদীর বুকে অসংখ্য ছোট-বড় চর জেগে উঠেছে। এসব চরে এখন চলছে নানা ফসলের আবাদ। অনেক স্থানে নদীর নাব্যতাও কমে গেছে। এ কারণে বৃহত্তর যশোর জেলার বড়দিয়া নৌবন্দরসহ নদীকেন্দ্রিক শতাধিক হাটবাজার বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, মাগুরা ও খুলনা থেকে নৌপথে নড়াইলের বড়দিয়া নৌবন্দরে আসার পথে অসংখ্য ছোট-বড় চর জেগে উঠেছে। এসব নদীর নাব্যতা অনেক হ্রাস পেয়েছে। এখন কোথাও হাঁটু, কোথাও কোমর বা বুকসমান পানি রয়েছে। আবার অনেক স্থানে ধু ধু বালুচর। এসব চরে বর্তমানে বিভিন্ন ফসল আবাদ করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ১৯৬৩ সালে নবগঙ্গা নদীর মাগুরা অংশে (ঢাকা বাসস্ট্যান্ডসংলগ্ন) অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে নড়াইলের কয়েকটি নদী নাব্যতা হারায়। বর্ষা মৌসুম না এলে নড়াইলের সঙ্গে মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল ও বাগেরহাট জেলার ১২টি নৌপথে নৌযান চলাচল সম্ভব হয় না। ফলে মধুমতী নদীপারের ভাটিয়াপাড়া, বকজুড়ি, কালতাসুর, চর আড়িয়াড়া, ধানাইড়, ইছাখালী, কালনা, মল্লিকপুর, ইতনা, বড়দিয়া, করফা, শুকতইল, যোগানিয়া, জয়নগর, তালা ও মানিকদহ; নবগঙ্গা নদীপারের নলদী, মিঠাপুর, লোহাগড়া, কালনা, কালিয়া, বারইপাড়া ও গাজীরহাট; চিত্রপারের রতডাঙ্গা, রূপগঞ্জ, মীরাপাড়া, গোবরা, শিঙ্গাশোলপুর, খড়রিয়া ও পেড়লী; কাজলা নদীপারের তুলারামপুর, গড়েরহাটসহ শতাধিক হাটবাজার বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বড়দিয়া নৌবন্দরের চিকিৎসক জগদীশ চন্দ্র বলেন, নদীর বুকে অসংখ্য চর জেগে ওঠায় বর্তমানে নড়াইলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের গুরুত্বপূর্ণ স্থান ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর নৌযোগাযোগ বন্ধের পথে। এতে মধুমতী নদীর তীরবর্তী ৪০টি হাটবাজার বন্ধের পথে।
চিত্রা নদীর তীরবর্তী কোবরা বাজারের ব্যবসায়ী দুলু বিশ্বাস বলেন, চর জেগে ওঠায় এবং নাব্যতা কমে যাওয়ায় নদীর নড়াইল অংশে নৌচলাচল এবং নদীর তীরবর্তী ২৫টি হাটবাজার বন্ধের পথে।
কাজলা নদীর তুলারামপুর বাজারের পাট ব্যবসায়ী আফসার উদ্দিন বলেন, কাজলা নদীর শেখহাটি থেকে মাইজপাড়া পর্যন্ত অংশে নাব্যতা কম থাকায় শুধু জোয়ারের সময় নৌযান চলাচল স্বাভাবিক থাকে। এ কারণে নৌপথে পণ্য আনা-নেওয়া ব্যাহত হওয়ায় নদীর তীরের ১৫টি হাটবাজার বন্ধের পথে।
মধুমতী নদীর তীরসংলগ্ন কালিয়া উপজেলার অরুনিমা ইকোপার্ক রিসোর্ট গলফ ক্লাব ও পর্যটনকেন্দ্রের চেয়ারম্যান খবির উদ্দীন আহম্মেদ বলেন, ‘অনেক আশা নিয়ে মধুমতী নদীপারে ইকোপার্ক, গলফ ক্লাবসহ পর্যটনকেন্দ্র গড়ে তুলেছিলাম। কিন্তু বর্তমানে নদীতে পানি না থাকায় পর্যটকসহ বিভিন্ন শ্রেিণ-পেশার মানুষ নৌপথে এখানে আসতে পারছে না। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় সরকার কয়েক কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
কালিয়া উপজেলার চেয়ারম্যান খান শামীমুর রহমান বলেন, প্রতি বর্ষা মৌসুমে নদীগুলোতে উজান থেকে পানি আসে। কিন্তু গভীরতা না থাকায় এ পানি নদী ধরে রাখতে পারে না। ফলে প্রতিবছরই নদীর পানি দুই কূল ছাপিয়ে প্লাবিত হয় এবং বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দেয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, ক্যাপিটাল ড্রেজিং নড়াইলসহ এ অঞ্চলে এখনো চালু হয়নি। তবে লোহাগড়া ও কালিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার ভাঙনরোধে নবগঙ্গা নদীর বড়দিয়া ও মলিকপুর এলাকার দুটি চর খনন করার জন্য একটি প্রস্তাবনা সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।