পাঁচ নদীর বুকে ফসলের আবাদ শতাধিক হাটবাজার বন্ধের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের একসময়ের খরস্রোতা মধুমতী, নবগঙ্গা, চিত্রা, কাজলা ও নলিয়া নদীর বুকে অসংখ্য ছোট-বড় চর জেগে উঠেছে। এসব চরে এখন চলছে নানা ফসলের আবাদ। অনেক স্থানে নদীর নাব্যতাও কমে গেছে। এ কারণে বৃহত্তর যশোর জেলার বড়দিয়া নৌবন্দরসহ নদীকেন্দ্রিক শতাধিক হাটবাজার বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, মাগুরা ও খুলনা থেকে নৌপথে নড়াইলের বড়দিয়া নৌবন্দরে আসার পথে অসংখ্য ছোট-বড় চর জেগে উঠেছে। এসব নদীর পানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এখন কোথাও হাঁটুপানি, কোথাও কোমর বা বুক সমান পানি রয়েছে। আবার অনেক স্থানে ধু-ধু বালুচর। এসব চরে বর্তমানে মৌসুমি ফসল থেকে শুরু করে বিভিন্ন ফসল আবাদ করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, ১৯৬৩ সালে নবগঙ্গা নদীর মাগুরা অংশে (ঢাকা বাসস্ট্যান্ড-সংলগ্ন) অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে নড়াইলের কয়েকটি নদী নাব্যতা হারায়। বর্ষা মৌসুম না এলে নড়াইলের সঙ্গে মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, বাগেরহাট জেলার ১২টি নৌপথে নৌযান চলাচল সম্ভব হয় না। ফলে মধুমতী নদীপারের ভাটিয়াপাড়া, বকজুড়ি, কালতাসুর, চরআড়িয়ারা, ধানাইড়, ইছাখালী, কালনা, মল্লিকপুর, ইতনা, বড়দিয়া, করফা, শুকতইল, যোগানিয়া, জয়নগর, তালা ও মানিকদহ; নবগঙ্গা নদীপারের নলদী, মিঠাপুর, লোহাগড়া, কালনা, কালিয়া, বারইপাড়া ও গাজীরহাট; চিত্রা নদীপারের রতডাঙ্গা, রূপগঞ্জ, মীরাপাড়া, গোবরা, শিঙ্গাশোলপুর, খড়রিয়া ও পেড়লী; কাজলা নদীপারের তুলারামপুর, গড়েরহাটসহ শতাধিক হাটবাজার বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বড়দিয়া নৌবন্দরের চিকিৎসক জগদীশ চন্দ্র বলেন, নদীর বুকে অসংখ্য চর জেগে ওঠায় বর্তমানে নড়াইলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের গুরুত্বপূর্ণ স্থান ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর নৌযোগাযোগ বন্ধের পথে। কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান বলেন, প্রতি বর্ষা মৌসুমে নদীগুলো উজান থেকে পানির প্রবাহ নিয়ে আসে। কিন্তু গভীরতা না থাকায় এ পানি নদী ধরে রাখতে পারে না। ফলে প্রতিবছরই নদীর পানি দুই কূল ছাপিয়ে প্লাবিত হয় এবং বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দেয়।নড়াইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, ‘ক্যাপিটাল ড্রেজিং নড়াইলসহ এ অঞ্চলে এখনো চালু হয়নি। তবে লোহাগড়া ও কালিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার ভাঙনরোধে নবগঙ্গা নদীর বড়দিয়া ও মল্লিকপুর এলাকার দুটি চর খনন করার জন্য একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’