পাঁচ নবজাতকের মধ্যে তিনজনের মৃত্যু
একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ নবজাতকের তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মা ও অপর দুই নবজাতক সুস্থ আছে।
আজ বৃহস্পতিবার বিকেল চারটা ৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই নবজাতক ও গতকাল বুধবার গভীর রাতে আরও এক নবজাতকের মৃত্যু হয়। গত মঙ্গলবার রাত নয়টার দিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শেরেকুল ইসলামের স্ত্রী আরজিনা বেগম (৩০) একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।
আজ বিকেলে আরজিনার দেবর সাব্বির মিয়া প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার বিকেলে আরজিনা বেগমের প্রসববেদনা ওঠে। ওই দিন বিকেল পাঁচটার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত নয়টার দিকে অপারেশনের মাধ্যমে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন। এর মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। এদের মধ্যে একটি মেয়েসন্তান বুধবার রাত সাড়ে তিনটার দিকে ও দুটি ছেলেসন্তান আজ বিকেলে মারা যায়।
আরজিনা বেগমের অস্ত্রোপচারকারী চিকিৎসক সিরাজুম মুনিরা তিন নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।