পাঁচ নাবিকের নতুন জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের মুখে জাহাজ একদিকে ৪৫ ডিগ্রি কাত হয়ে যায়। হঠাৎ ইঞ্জিনও বিকল হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অন্ধকারে ঢেকে যায় চারদিক। ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। এতে লাইফ জ্যাকেট পরে আমরা দ্রুত সাগরে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিই। ক্যাপ্টেন সাহস জুগিয়ে চিৎকার শুরু করেন “জাম্প”, “জাম্প”।
‘পরে মৃত্যুকে তুচ্ছ করে ঝাঁপ দিই। লাইফ র্যাফট ধরে ভাসতে থাকি ১২ জন। তীব্র স্রোতে সেটিও ঘণ্টা চারেক পর উল্টে যায়। জ্ঞান থাকা পর্যন্ত প্রায় আট ঘণ্টা ঢেউয়ের সঙ্গে লড়াই করি। এ সময় খুব পানি খেতে ইচ্ছে হচ্ছিল। মুখ হা করে বৃষ্টির পানি খেয়ে পিপাসা মেটাই।’
থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে গত বৃহস্পতিবার আংশিক ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ এমভি হোপের একজন নাবিক মৃত্যুর কাছ থেকে ফিরে আসা মো. ওসমান এভাবেই বলছিলেন সেদিনের ভয়ংকর অভিজ্ঞতার কথা। চট্টগ্রাম নগরের মেহেদীবাগে একটি হাসপাতালের শয্যায় শুয়ে কথা বলতে বলতে অঝোরে কেঁদে ওঠেন তিনি। জীবন বাঁচাতে নিখোঁজ সহকর্মীদের তীব্র আকুতির কথা মনে আসতেই আটকে যাচ্ছিল তাঁর মুখের কথা।
দুর্ঘটনার প্রথম দিনই উদ্ধার হন মো. ওসমানসহ ওই জাহাজের পাঁচ নাবিক। তাঁদের নিয়ে এমভি বাক্সমুন নামের অপর একটি জাহাজ বন্দরের বহির্নোঙরে রোববার রাত পৌনে নয়টায় ভেড়ে। বহির্নোঙর থেকে গতকাল সকালে একটি লাইটার জাহাজে তাঁদের আনা হয় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে। সেখানে প্রথমেই তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন।
এ সময় নাবিকদের বিমর্ষ দেখা যাচ্ছিল। কেউ কেউ স্বজনদের জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।
নাবিক সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার রাত ১২টার দিকে আন্দামান সাগর উত্তাল হয়ে ওঠে। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি খারাপ দেখে ক্যাপ্টেন আশপাশের জাহাজে বার্তা পাঠাচ্ছিলেন। রাত একটা-দেড়টার দিকে আমরা সাগরে ঝাঁপ দিই। লাইফ র্যাফট ধরে সাগরে ভাসতে থাকা ১২ জনের মধ্যে ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকারও ছিলেন। তবে, স্রোতের টানে র্যাফট উল্টে গেলে আবু বকর ছাড়া সবাই ছিটকে পড়েন। সবাই তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন।’
জাহাজের চতুর্থ প্রকৌশলী আবদুল হাকিম বলেন, ‘সাগরে লড়াইয়ের একপর্যায়ে এমভি বাক্সমুন জাহাজ আমাদের উদ্ধার করে। এরপর আর কিছুই মনে নেই।’
হাসপাতালের চিকিৎসক মাহমুদ শাহ আবরার জানান, নাবিকদের পেটে লবণাক্ত পানি ঢুকে পড়ায় রক্তচাপ বেড়ে গেছে। এক দিন পরই তাঁরা হাসপাতাল ছেড়ে যেতে পারবেন।
এমভি হোপের ১৭ জন নাবিকের মধ্যে প্রথম দিন ছয়জন এবং পরে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। মৃত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। নিখোঁজ রয়েছেন ছয়জন। জীবিত উদ্ধার হওয়া নাবিকদের চারজন থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ময়নাতদন্ত শেষে দুই নাবিকের মৃতদেহ শিগগিরই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
দুর্ঘটনাকবলিত জাহাজটির মালিকের মুখপাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের জানান, নিখোঁজ নাবিকদের না পাওয়া পর্যন্ত স্থানীয় নৌযানের সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।