পাঁচ নারী সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের পাঁচজন নারী প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু নির্ধারিত সময় বেলা দুইটা পর্যন্ত প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় পাঁচ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোরশেদ জানান, আজ বৃহস্পতিবার পাঁচ প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। নির্বাচিত পাঁচজন হলেন: সাংবাদিক এ এন মাহফুজা খাতুন (বেবী মওদুদ), আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফজিলাতুন্নেসা বাপ্পী।সংবিধান সংশোধন করে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০-এ উন্নীত করায় নতুন পাঁচটি আসনে নির্বাচনের আয়োজন করা হয়। আইনের বিধান অনুযায়ী পাঁচটি আসনই আওয়ামী লীগ পায়। তবে দলের পক্ষ থেকে আসনের অতিরিক্ত প্রার্থী মনোনয়ন না দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।