চার জেলায় গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ নারীশ্রমিকসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন মোটরসাইকেল আরোহী এক দম্পতি এবং সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। দুর্ঘটনাগুলো ঘটে কুষ্টিয়া, বাগেরহাট, মৌলভীবাজার ও মুন্সীগঞ্জে। এতে পাঁচজন আহতও হন।
কুষ্টিয়া অফিস জানায়, সদর উপজেলার ভাদালিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমনের আরোহী পাঁচ নারীশ্রমিক নিহত হন। তাঁরা হলেন রাবেয়া খাতুন, কমেলা খাতুন, সজিরুন নেছা, আমেনা খাতুন ও সুখী বেগম। এ দুর্ঘটনায় আহত হন অন্তত চারজন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গতকাল ভোর পৌনে ছয়টার দিকে নসিমনে করে শ্রমিকেরা কুষ্টিয়া শহরের চেঁচুয়া এলাকায় একটি কারখানায় যাচ্ছিলেন। ভাদালিয়া এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক (খুলনা মেট্রো ট-১১-০৯৬৫) নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নারীশ্রমিক নিহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে আরও তিনজন মারা যান। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার ফকিরহাটে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার বৈলতলীতে ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সুজিত কুমার দাস ও তাঁর স্ত্রী সুমিতা রানী দাস। জামাইষষ্ঠীর নিমন্ত্রণের পর শ্বশুরবাড়ি ফকিরহাট উপজেলার পিলজংগ থেকে নিজের বাড়ি রাজবাড়ীতে ফিরছিলেন সুজিত।
বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই শেখ জামাল উদ্দিন বলেন, পিকআপটি আটক করা হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের খালিশপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশে দাঁড়ানো ট্রাককে ধাক্কা দিলে ফয়জুর রহমান নামে এক অটোরিকশাযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গত রোববার দিবাগত রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফয়জুর রহমান সদর উপজেলার ঘোড়াখাল গ্রামের মৃত মফর আলীর ছেলে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বাসচাপায় মো. সুরুজ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামে।