
হরতালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার মামলার তদন্তসংক্রান্ত কাগজ (কেস ডকেট) না থাকায় আদালত আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন। মহানগর হাকিম জয়নব বেগম শুনানি শেষে এই আদেশ দেন।
গতকাল বিকেল সোয়া চারটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচজনকে হাজির করা হয়। মতিঝিল থানার পুলিশ এ সময় পৃথক দুটি মামলায় পাঁচজনকে আদালতে হাজির করে ১০ দিন করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ রিমান্ড বিষয়ে বলেন, বিএনপি-জামায়াত হরতাল আহ্বান করে। এই আসামিদের পরিকল্পনা ও নির্দেশনায় হরতালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচল বন্ধ এবং ভাঙচুর করে সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। আসামিরা উসকানি দিয়ে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে উসকানি দিয়ে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের মধ্যে সাংসদ মওদুদ আহমদ ও এম কে আনোয়ার। জাতীয় সংসদ চলা অবস্থায় সাংসদদের গ্রেপ্তার করা হলো, তাহলে কোথায় স্পিকার, কোথায় গণতন্ত্র? খন্দকার মাহবুব হোসেন বলেন, গণতন্ত্রের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, তবে তাঁরা দেশের মানুষের স্বার্থে সে কথা এখনো বলবেন, ভবিষ্যতেও বলবেন। তিনি বলেন, আসামিদের নাম এজাহারে নেই। রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো উপাদান নেই। আসামিদের জামিন দেওয়া হলে পালানোর সম্ভাবনা নেই।
আইনজীবী রফিক-উল হক বলেন, জাতীয় সংসদ চলার সাত দিন আগে-পরে কোনো সাংসদকে গ্রেপ্তার কিংবা আটকের ক্ষেত্রে স্পিকারের অনুমতি নিতে হবে। এ ক্ষেত্রে তা করা হয়নি। গত শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গুলশানে খালেদা জিয়ার বাসভবন থেকে বের হওয়ার পর রাত একটা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয় আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এ সপ্তাহে টানা ৮৪ ঘণ্টার হরতালের ডাক দেওয়ার চার ঘণ্টার মধ্যেই এ ধরপাকড় শুরু হয়।
এদিকে, পাঁচ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় গতকাল শনিবার সকাল-সন্ধ্যা ও অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতালে দোকানপাট ও যানবাহন ভাঙচুর এবং পুলিশ ও হরতালকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোলা বিএনপির নেতারা গত শুক্রবার রাত ১২টার দিকে পাঁচ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়ে রাতেই শহরে বিক্ষোভ করেন। গতকাল সকালে পিকেটাররা আটটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ দুজনকে আটক করেছে।
আবদুল আউয়াল মিন্টুর নিজ এলাকা ফেনীর দাগনভূঞা উপজেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল-সমর্থকেরা সকালে উপজেলার বিভিন্ন পয়েন্টে ঝটিকা হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে অন্তত ২০টি ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের কাচ ভাঙচুর করেন এবং ১৪-১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটান।
শিমুল বিশ্বাসকে গ্রেপ্তারের প্রতিবাদে পাবনায় গতকাল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জেলা বিএনপি। বেলা ১১টার দিকে জেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাটসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় এবং ১০ থেকে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পিকেটাররা। পরে পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এদিকে পৌর এলাকার দিলালপুর মহল্লায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ।
মওদুদ আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় বিএনপির ডাকা হরতালে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে পিকেটাররা। গতকাল বেলা তিনটার দিকে উপজেলা সদরের বসুরহাট বাজারের বড় মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ-পিকেটারদের মধ্যে দুই দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পিকেটাররা একটি ক্লিনিক ও দুটি ওষুধের দোকান, একটি অটোরিকশা ভাঙচুর ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের বিএনপির সাংসদ এম কে আনোয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল তাঁর নির্বাচনী এলাকার দুই উপজেলায় হরতাল পালিত হয়েছে।
এর মধ্যে হোমনায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ওসিসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। তবে তিতাস উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। হোমনায় হরতাল চলাকালে সকাল ১০টায় আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে শিল্পকলা একাডেমী এলাকায় মিছিল বের করে। তখন পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়। একপর্যায়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪টি শটগানের গুলি ও ১১টি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
খাগড়াছড়িতে গতকাল শনিবার বিএনপির একাংশের ডাকা অর্ধদিবস হরতাল শনিবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সময় বড় ধরনের সংঘর্ষের কোনো সংবাদ পাওয়া যায়নি। এদিকে গত রাতে মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার ও আবদুল আউয়াল মিন্টুকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। মওদুদ, আনোয়ার ও মিন্টুকে কারাগারের চিত্রা ভবনে এবং রফিকুলকে সুরমা ভবনে রাখা হয়েছে।
প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও ফেনী, ভোলা, পাবনা ও নোয়াখালী অফিস, গাজীপুর ও খাগড়াছড়ি প্রতিনিধি।