পাঁচ নেতার রিমান্ড স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির পাঁচ নেতার রিমান্ড আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ রোববার বিকেলে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

বিএনপির এই পাঁচ নেতা হলেন স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। ৭ নভেম্বর রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

১৪ নভেম্বর বিএনপির এই পাঁচ নেতাকে পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম রেজাউল করিম।

এই রিমান্ড আদেশে স্থগিতাদেশ চেয়ে আজ বেলা পৌনে ১১টার দিকে সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। আবেদনের বিষয়টি জানিয়ে আইনজীবী এ কে এম এহসানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হবে।