পাঁচ ন্যায়নিষ্ঠ ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
তিউনিসিয়ার রাজধানী তিউনিসের ইতালি দূতাবাসে যে পাঁচ ন্যায়নিষ্ঠের নামে গাছ ও স্মৃতিফলক স্থাপন করা হয় তাঁদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয় গারিওর ওয়েবসাইটে

আবদুল ওয়াহাব (১৯১১–১৯৯৭)

খালেদ আবদুল ওয়াহাব তিউনিসের একজন উদ্যোক্তা ছিলেন। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তিউনিসিয়ায় নাৎসি দখলদারির সময়ে তিনি দখলদার ও স্থানীয় মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। আর এ কাজ করতে গিয়ে তিনি জার্মানদের বেশ বিশ্বস্ত হয়ে ওঠেন। একবার তিনি নাৎসিদের একটি পরিকল্পনা জেনে যাওয়ার পর স্থানীয় ইহুদি ধনী জ্যাকব বুকরিস এবং আরও বেশ কয়েকটি ইহুদি পরিবারকে তাঁর একটি তেলের মিলে লুকিয়ে রাখেন। তিউনিসিয়া থেকে নাৎ​সিরা না যাওয়া পর্যন্ত এই পরিবারগুলো এ আশ্রয়ে নি​রাপদে ছিল।

খালেদ আল-আসাদ (১৯৬৩–২০১৫)

বিশ্বখ্যাত প্রত্নতত্ত্ববিদ খালেদ আল–আসাদের জন্ম সিরিয়ার প্রাচীন পালমিরা নগরে। নগরের প্রত্নসম্পদ সংরক্ষণের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি। ১৯৬৩ সাল থেকে আসাদ তাঁর জন্মশহর পালমিরার প্রত্ন নিদর্শন বিভাগের পরিচালক ছিলেন। শহরটি একপর্যায়ে দখল করে ফেলে জঙ্গি সংগঠন আইএস। আইএস পালমিরা দখলের আগেই এখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পদ নিরাপদ জায়গায় সরিয়ে নেন খালেদ। এসব প্রত্নসম্পদ কোথায় রাখা হয়েছে, তা জানাতে অস্বীকৃতি জানানোয় ২০১৫ সালের ১৮ আগস্ট ​নির্মমভাবে জঙ্গিরা হত্যা করে তাঁকে।

আবদেস সালাম

মোহাম্মদ নাসের বেন আবদেস সালাম (হামাদি) তিউনিসিয়ার পর্যটকদের গাইড। সত্তর দশকে এ পেশায় আসেন তিনি। ২০১৫ সালের ১৮ মার্চ তিউনিসের বারদো জাদুঘরে ইতালির একদল পর্যটকের সঙ্গে ছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী সেখানে ঢুকে গুলি চালাতে থাকে। পুরো জাদুঘর ভবন সম্পর্কে ভালো ধারণা ছিল হামাদির। আর এ জন্যই তিনি তাঁর সঙ্গে থাকা পর্যটকদের নিরাপদে কাছের একটি পুলিশ স্টেশনে দ্রুত নিয়ে যেতে সক্ষম হন। এর কয়েক মিনিটের মধ্যে জাদুঘরের ভেতরে ঢুকে নয়জনকে হত্যা করে সন্ত্রাসীরা।

তারেক আল-তায়েব (১৯৮৪–২০১১)

তিউনিসিয়ার রাজধানী তিউনিসের রাস্তার ফেরিওয়ালা ছিলেন তারেক আল-তায়েব মোহাম্মদ বুয়াজিজি। মাত্র ১০ বছর বয়স থেকে কাজ শুরু করেন। ২০১০ সালের ১৭ ডিসেম্বর পুলিশ বুয়াজিজির কাছে ঘুষ দাবি করে। ঘুষ না পেয়ে পুলিশ তাঁর বিক্রির পণ্য এবং দাঁড়িপাল্লা নিয়ে যায়। এই নির্যাতনে অতিষ্ঠ বুয়াজিজি এ ঘটনার প্রতিবাদ জানাতে গভর্নরের কার্যালয়ের সামনে গায়ে আগুন জ্বালিয়ে দেন। এ ঘটনার কয়েক দিনের মধ্যে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তিউনিসিয়া তথা আরব বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনে ‘আরব বসন্তের’ সূচনা হয়।

ফারাজ হোসেন (১৯৯৬–২০১৬)

যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের তুখোড় ছাত্র ফারাজ আইয়াজ হোসেন। গত ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় তিনি দুই বন্ধুর সঙ্গে সেখানে ছিলেন। সেখানে থাকা বিদেশিরাই মূল লক্ষ্য ছিল সন্ত্রাসীদের। এ হামলার সময় ফারাজকে সন্ত্রাসীরা সুরা বলতে বললে তিনি তা ঠিকমতো পড়েন। এ কারণে জঙ্গিরা তাঁকে ছেড়ে দিয়েছিল। কিন্তু এরপরও ফারাজ তাঁর বন্ধুদের ছেড়ে যাননি। এই বন্ধুদের ছেড়ে না যাওয়ার চরম মাশুল দিতে হয় তাঁকে। জঙ্গিরা নির্মমভাবে হত্যা করে ফারাজকে।