
যিনি একটি জীবন রক্ষা করেন, তিনি আসলে রক্ষা করেন পৃথিবীটাকেই—এই মূলমন্ত্র ধারণ করে সন্ত্রাসের বিরুদ্ধে, মানবতার কল্যাণে অবদান রাখা মানুষের স্মৃতিরক্ষায় গাছ রোপণ ও স্মৃতিফলক স্থাপন করে থাকে গার্ডেন অব দ্য রাইচাস ওয়ার্ল্ডওয়াইডবা গারিও। ইতালির মিলানভিত্তিক এই অলাভজনক সংগঠনের উদ্যোগে ১৫ জুলাই পাঁচজন ন্যায়নিষ্ঠ আরব ও মুসলিম ব্যক্তির স্মৃতির উদ্দেশে তিউনিসিয়ায় ইতালির দূতাবাসে ‘গার্ডেন অব দ্য রাইচাস’ বা ‘ন্যায়নিষ্ঠদের জন্য স্মৃতি-উদ্যান’ স্থাপিত হয়েছে। আর এতে অন্তর্ভুক্ত হয়েছে গুলশানে জঙ্গি হামলায় নিহত বাংলাদেশি ফারাজ আইয়াজ হোসেনের নামে স্মৃতিফলক ও একটি গাছ। আরব ও মুসলিম বিশ্বের কোনো দেশে এই প্রথম এ স্মৃতি-উদ্যান স্থাপন করল গারিও। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় গারিওর এ উদ্যোগে সহায়তা দেয় ও যুক্ত থাকে।
তিউনিসিয়ার রাজধানী তিউনিসের ইতালীয় দূতাবাসের ভেতরে গার্ডেন অব দ্য রাইচাসেরউদ্বোধন করেন গারিওর চেয়ারম্যান এবং ইতালীয় লেখক-সাংবাদিক গাব্রিয়েলে নিসিম, তিউনিসিয়ান লিগ অব হিউম্যান রাইটসের প্রধান ও ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী আবদেসসাত্তার বেন মুসা এবং ইতালির রাষ্ট্রদূত রাইমন্দো দে কারদোনা। ফারাজের পাশাপাশি আরও যে চার ব্যক্তি এই স্মৃতি-উদ্যানে ঠাঁই পেয়েছেন, তাঁরা হলেন তিউনিসিয়ায় গণতন্ত্রের আন্দোলন ‘আরব বসন্তের’ সূচনাকারী তারেক আল তায়েব মোহাম্মদ বুয়াজিজি, তিউনিসিয়ার বারদো জাদুঘরে সন্ত্রাসী হামলার সময় ইতালীয় পর্যটকদের উদ্ধারকারী হামাদি বেন আবদেস সালাম, তিউনিসিয়ায় নাৎসি দখলদারির সময় নিপীড়িত ইহুদিদের জীবনরক্ষাকারী খালেদ আবদুল ওয়াহাব এবং সিরিয়ার প্রাচীন শহর
পালমিরা রক্ষায় আইএসের জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও নিহত খালেদ আল-আসাদ।
তিউনিসের এই অনুষ্ঠানের জন্য ফারাজের মা সিমিন হোসেনের কাছ থেকে একটি বাণী চেয়ে পাঠান ইতালির রাষ্ট্রদূত।
কেন নামফলক বা গাছ লাগানো? গারিওর ওয়েবসাইটে এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, ‘যা কিছু সুন্দর তার স্মারক হতে পারে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উপাদান। মানবতা রক্ষায় কারও জীবন উৎসর্গের নজির নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করতে পারে। রোধ করতে পারে গণহত্যা বা মানবতাবিরোধী যেকোনো তৎপরতা।’
গারিওর পক্ষ থেকে প্রথমে আইএসবিরোধী সাহসী পদক্ষেপের জন্য খালেদ আল-আসাদ ও হামাদি বেন আবদেস সালাম এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার জন্য মোহাম্মদ বুয়াজিজি ও আরব-ইহুদি সহাবস্থানে ভূমিকা রাখার জন্য খালেদ আবদুল ওয়াহাবের নামে গার্ডেন অব দ্য রাইচাসেস্মৃতিফলক স্থাপনের কথা বিবেচনা করা হয়েছিল। তবে ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পরপরই ফারাজ হোসেনের নাম এ তালিকায় অন্তর্ভুক্ত হয়।

তিউনিসের ওই স্মৃতি-উদ্যানে ফারাজ হোসেনের নামফলকে লেখা হয়েছে, তিনি ঢাকায় নিজের বন্ধুদের ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিণতিতে সন্ত্রাসীরা তাঁকেও হত্যা করে।
গারিওর চেয়ারম্যান গাব্রিয়েলে নিসিম তাঁদের ওয়েবসাইটে ‘দ্য থেরাপি অব গুডনেস’শীর্ষক এক কলামে ফারাজ সম্পর্কে বলেন, ঢাকার রেস্তোরাঁর ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হন ইতালির কয়েকজন নাগরিক। সে সময় সেখানে নৈশভোজে ফারাজ হোসেনের সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অবিন্তা ও তারিশি। সন্ত্রাসীরা ফারাজকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু কেবল একটি জাতির মানুষ বেঁচে থাকবে—এমন নাৎসিবাদী ভাবধারা মেনে নিতে পারেননি ফারাজ। এর বিপরীত মতই তিনি ধারণ করতেন, বিশ্বাস করতেন সবার বেঁচে থাকার অধিকারে। আর তাই মৃত্যুকেই শ্রেয় বলে মেনে নেন তিনি।
গারিওর ওয়েবসাইটে ইতালিয়ান সেন্টার ফর পিস ইন দ্য মিডলইস্টের (সিআইপিএমও) পরিচালক ইয়ানিকি সিনগোলি তাঁর এক লেখায় তিউনিসে ফারাজের নামে গাছ ও স্মৃতিফলক স্থাপনের কারণ সম্পর্কে বলেন, এর মধ্য দিয়ে জিহাদি জঙ্গিবাদী হামলার বিরুদ্ধে একজন ন্যায়নিষ্ঠের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
দূতাবাসের অনুষ্ঠানে মিলানের মেয়রের পক্ষে সিটি কাউন্সিল অব মিলানের প্রেসিডেন্ট লামবার্তো বার্তোলে গুলশান হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন করেন। উগ্র মৌলবাদের বিরুদ্ধে ফারাজের রুখে দাঁড়ানোর এই অসামান্য প্রয়াসকে তিনি শ্রদ্ধা জানান এবং ফারাজের মায়ের পাঠানো বাণী পাঠ করেন। ফারাজের মায়ের বাণীতে বলা হয়, ‘আমাদের ছেলে ফারাজ অপশক্তির মুখোমুখি দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছে বিশ্বের কাছে। এই ছোট্ট ছেলেটির প্রতি আমাদের স্বাভাবিকভাবেই শ্রদ্ধা জন্মায়। কারণ, সে তার কাজের মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যেই প্রশ্ন জাগিয়ে তুলেছে, নিজের অনিবার্য পরিণতি জেনেও সে যে সিদ্ধান্ত নিয়েছিল, তা নেওয়ার মতো শক্তি আমাদের আছে কি না। বিশ্বের জন্য এক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করে যাওয়ায় আমরা তোমায় অভিবাদন জানাই। ফারাজ, তুমি সব সময় চেয়েছ মা হিসেবে আমি যেন গর্বিত হই; আজ তুমি আমাকে বিশ্বের সবচেয়ে গর্বিত মা হওয়ার সুযোগ করে দিয়েছ।’
নোবেল বিজয়ী আবদেসসাত্তার বেন মুসা স্মৃতি-উদ্যান স্থাপনের এই প্রচেষ্টাকে ‘সন্ত্রাসকবলিত এই কঠিন সময়ের এক সুন্দর প্রয়াস’ বলে অভিনন্দিত করেন।
অনুষ্ঠানে ইতালির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিনসেনচো আমেনদোলার বাণী পড়ে শোনানো হয়। সেখানে তিনি নতুন এই উদ্যান সম্পর্কে বলেন, ‘এটি স্মৃতির স্থান, সভ্যতার প্রতীক এবং তাদের অনুপ্রেরণার উৎস, যারা বিশ্বাস করে আশার পথই আমাদের মূল লক্ষ্য।’
স্মৃতি-উদ্যান স্থাপন অনুষ্ঠানে গাব্রিয়েলে নিসিম বলেন, ‘মানবতার পক্ষে অজানা এসব উদাহরণ আমরা সারা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। সজাগ করতে চাই বিশ্বমানবতাকে।’
সাম্প্রতিক সময়ে একাধিক জঙ্গি হামলার শিকার আরব-রাষ্ট্র তিউনিসিয়ায় এই স্মৃতি-উদ্যান স্থাপনের উদ্দেশ্য প্রসঙ্গে ইতালির রাষ্ট্রদূত রাইমন্দো দে কারদোনা বলেন, এই মুসলিম দেশটিতে গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টি হয়েছে। তাই এখানে এ উদ্যান স্থাপন যথেষ্ট অর্থবহ।
এ অনুষ্ঠানের ঠিক আগের দিনই সন্ত্রাসী হামলার শিকার হয় ফ্রান্সের উপকূলীয় শহর নিস। সেখানে নিহত হয় শিশু-কিশোরসহ অন্তত ৮৪ জন। সে ঘটনাকে স্মরণ করেন হামাদি বেন আবদেস সালাম।
যে পাঁচ ন্যায়নিষ্ঠ ব্যক্তির নামে তিউনিসিয়ায় ১৫ জুলাই গাছ ও স্মৃতিফলক স্থাপন করা হলো, তাঁদের মধ্যে হামাদি বেন আবদেস সালামই শুধু জীবিত আছেন।
গারিও ১৯৯৯ সালে ন্যায়নিষ্ঠ নাগরিকদের নামে স্মৃতিফলক ও গাছ লাগানোর আন্দোলন শুরু করে। ২০১২ সালে ইউরোপিয়ান পার্লামেন্ট গারিওর কর্মকাণ্ডে সাড়া দিয়ে ৬ মার্চকে ‘ইউরোপিয়ান ডে অব দ্য রাইচাস’ ঘোষণা করে।
ফারাজের মা সিমিন হোসেনের চিঠি
অনুষ্ঠান উপলক্ষে গারিওকে পাঠানো সিমিন হোসেনের চিঠির বিবরণ:
১ জুলাই আমাদের ছেলে ফারাজকে নির্মমভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে কয়েকজন অমানবিক সন্ত্রাসী। প্রিয় বন্ধুদের বাঁচাতে সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওর এই সিদ্ধান্ত ছিল ধর্ম ও বর্ণ বা লিঙ্গের সীমার ঊর্ধ্বে। নিজের মূল্যবোধের ব্যাপারে ও ছিল অটল। চারপাশের মানুষের প্রতি সব সময়ই তার দায়বোধ ছিল। তাই প্রিয়জনদের সুরক্ষার বিষয়টিকে সে দায়িত্ব হিসেবেই নিয়েছিল। এসব মূল্যবোধই নিজের মধ্যে সঞ্চারিত করেছিল ফারাজ। সে বিশ্বাস করত, প্রথমত ও প্রধানত একজন ব্যক্তিকে ভালো মানুষ হতে হবে।
সাহসিকতায় পরিপূর্ণ হয়ে, প্রতিটি মুহূর্ত একটি উজ্জ্বল হাসি নিয়ে বেঁচে ছিল সে। সে ছিল তারুণ্যের শ্রেষ্ঠ উদাহরণ, মানবজাতির এক অমূল্য রত্ন। সব সময়ই অন্যদের খেয়াল রাখত, আর চারপাশের মানুষকে সুখী করতে চাইত নিজের কাজের মধ্য দিয়ে। ইমোরি বিশ্ববিদ্যালয়ের গোইজুয়েটা বিজনেস স্কুলের সে ছিল এক তুখোড় ছাত্র। ট্রান্সকম এবং পেপসিকোতে ইন্টার্নশিপ করার সময় মুগ্ধ করেছিল নিজের সহকর্মীদের। যাদের সঙ্গে সে মিশেছে, তাদের সবার হৃদয় ছুঁয়েছিল। যেকোনো কাজ করতে গিয়ে সে নিজের মধ্যে থাকা নেতৃত্বের গুণাবলির পরিচয় দিয়েছিল। জীবনের শেষনিশ্বাস পর্যন্ত ছিল একজন ন্যায়নিষ্ঠ মানুষ। ভালো ও মন্দের অত্যন্ত স্পষ্ট উপলব্ধি ছিল তার। ফলে সে যা ঠিক মনে করত, তারই পক্ষে দাঁড়াত শক্তির শেষবিন্দু দিয়ে।
তুমি আমাদের হৃদয় ভরিয়ে দিয়েছ অদম্য গৌরব আর শক্তি দিয়ে। তুমি আমাদের মধ্যে একধরনের নির্ভীকতা সঞ্চার করেছ, যার অস্তিত্ব আমাদের অজানা ছিল। তুমি যার পক্ষে দাঁড়িয়েছিলে, আমরা যাতে বাকি জীবন সেই একই লক্ষ্যে লড়াই করতে পারি, সেই সুযোগ তুমি আমাদের করে দিয়েছ। তুমি সব সময় বলতে, বিশ্বকে দেখিয়ে দেবে। আমি শুধু তোমাকে জানাতে চাই, তুমি যা করেছ, তা আমাদের সুদূরতম কল্পনার চেয়েও অনেক বড়।
আমরা সবাই তোমাকে গভীরভাবে ভালোবাসি, ফারাজ।
তোমার গর্বিত মা, যাকে তুমি গভীরভাবে ঋণী করে গেছ নিজের সাহসিকতা দিয়ে।
আরও পড়ুন :