পাঁচ পিএসটিএনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটরের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক বলেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ।বিটিআরসির চেয়ারম্যান বলেন, লাইসেন্স বাতিল করা পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক বা পিএসটিএন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের চাকরির দায় সরকার নেবে না।এদিকে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের কাছে সিম ট্যাক্স শূন্য করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের স্থানীয় একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত প্রাক-বাজেট গোলটেবিলে এসব কথা বলা হয়েছে। টিআরএনবির আহ্বায়ক শাহেদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠক সঞ্চালনা করেন সদস্য সচিব শওকত মিল্টন।জিয়া আহমেদ বলেন, বন্ধ করে দেওয়া পিএসটিএন অপারেটরগুলো এমন একটি অপরাধের মধ্যে ঢুকে পড়েছে যে লাইসেন্স বাতিল না করে উপায় ছিল না। তিনি বলেন, পিএসটিএন ব্যবসা থাকবে। তবে এ খাতে দুর্নীতি গ্রহণ করা হবে না। হাসানুল হক ইনু বলেন, বিটিআরসির ক্ষমতা কমে যাচ্ছে বলে যা শোনা যাচ্ছে, তা গুজব। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসি স্বাধীন থাকবে। তবে তারা যাতে দানব না হয়, সে জন্য যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বলেন, ‘ভ্যাট ও ট্যাক্স একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। সামনের বছর থেকে বিদেশ থেকে ফাইবার অপটিক না এনে দেশে তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই এর কাঁচামালের শুল্ক কমানোর বিষয়টি ভাবছে সরকার।’বাংলালিংকের বিপণন পরিচালক (মার্কেটিং) শিহাব আহমেদ বলেন, বাংলাদেশে আরও পাঁচ কোটি গ্রাহক সংযোগ সম্ভব। এ জন্য অবশ্যই সিম ট্যাক্স তুলে দিতে হবে। গ্রামীণফোনের গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক রিলেশনস বিভাগের প্রধান মামুন হাশমি বলেন, টেলিযোগাযোগ আইনে অপারেটরদের বিরুদ্ধে ৩০০ কোটি টাকা জরিমানার বিধান রাখাটাই অযৌক্তিক। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের সাধারণ সম্পাদক আশরাফ এইচ চৌধুরী বলেন, বাজেটকে টেলিকম খাতের জন্য বিনিয়োগবান্ধব করতে হবে। নেটওয়ার্ক যন্ত্রপাতি আমদানির শুল্ক কমাতে হবে। নকিয়ার বিপণন কর্মকর্তা আবু দাউদ মোবাইল ফোনের হ্যান্ডসেটে নির্ধারিত হারে কর বসানোর পরামর্শ দেন। মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আলিম বলেন, হ্যান্ডসেটের ওপর যে কর রয়েছে, তাতে বৈধ পথে সেট আসা কমে গেছে।