পাঁচ পিকিং কেন্দ্র স্থাপনে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পাঁচটি ‘পিকিং পাওয়ার প্লান্ট’ (বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহারের সময় চালানো উৎপাদনকেন্দ্র) স্থাপনে সরকার গতকাল সোমবার বিদেশি ইপিসি ঠিকাদারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী বেড়ায় ৭০ মেগাওয়াট, হাটহাজারিতে ১০০ মেগাওয়াট, দোহাজারিতে ১০০ মেগাওয়াট, গোপালগঞ্জে ১০০ মেগাওয়াট ও ফরিদপুরে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। খবর ইউএনবির।গতকাল সোমবার ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সরকারের পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আজিজুল ইসলাম চুক্তিতে সই করেন।বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকাকালীন এ বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে।কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে এসব কেন্দ্রে জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল ব্যবহার করা হবে। বর্তমানে প্রতি কিলোওয়াট আওয়ার (প্রতি ইউনিট) বিদ্যুৎ উৎপাদনে যেখানে খরচ হয় মাত্র দুই টাকা সেখানে পিকিং প্লান্ট থেকে ওই পরিমাণ উৎপাদনে খরচ পড়বে আট থেকে ১২ টাকা।চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো আগামী ১৫ মাসের মধ্যে প্লান্টগুলো সরবরাহ ও প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করবে। সে হিসেবে আগামী বছরের আগস্ট মাস নাগাদ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ পাওয়া যাবে।