পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ দাবি, ছিনতাইসহ ১০টি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বরগুনার পুলিশ সুপারসহ (এসপি) পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঈনুদ্দিন নোমানের আদালতে গত বুধবার সকালে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের বাসিন্দা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্য মোখলেসুর রহমান মামলাটি করেন। আদালত মামলাটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আসামিরা হলেন বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সদর থানার পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র রায়, উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ও জাফর হোসেন এবং এএসআই বাদল মৃধা।
এ ব্যাপারে শ্যামল কুমার নাথ বলেন, ‘একটু ভুল-বোঝাবুঝির কারণে এটা হয়েছে। আমরা বাদীকে এসব মামলা অধিকতর তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছি। এরপর বাদী একটি সমঝোতার আবেদন আদালতে জমা দিয়েছেন।’
বাদী মোখলেসুর রহমান বলেন, ‘মামলা করার পর দুপুরে পুলিশ আমাকে আদালত থেকে ডেকে পুলিশ সুপারের কার্যালয়ে নেয়। সেখানে পুলিশ সুপার আমাকে মামলাটি প্রত্যাহার করলে আমার ও আমার আত্মীয়স্বজনের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দেন। এরপর আমরা সমঝোতা হয়েছে বলে একটি কাগজে স্বাক্ষর দিয়ে আদালতে জমা দিই।’
মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, পুলিশ সুপার ও পরিদর্শক (তদন্ত) কতিপয় স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়ে তাঁর এবং তাঁর আত্মীয়স্বজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করে তাঁদের হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছেন। এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করে অন্যায়ভাবে গ্রেপ্তার, মারধর ও জেল খাটিয়েছেন। গত ৪ মার্চ তাঁর ছোট ভাই রেজাউল করিমকে একটি মামলায় পুলিশ সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করে। এরপর উল্লিখিত আসামিরা তাঁদের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁর ভাইকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান। তিনটি মামলায় ১৪ দিন হাজতবাসের পর ৯ থেকে ১৮ মার্চ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। এসব মামলায় তদবির করার অপরাধে পুলিশ তাঁকে (বাদী) ও তাঁর ভাই নিজামউদ্দিনকে ২৯ মার্চ আটক করে পিছমোড়া দিয়ে বেঁধে কোমরে রশি লাগিয়ে মারধর করতে করতে থানায় নিয়ে যায়। এরপর ভুয়া বাদী সাজিয়ে তাঁদের বিরুদ্ধে একটি মিথ্যা ছিনতাই মামলা দায়ের করে এবং এই মামলায় তাঁদের কারাগারে পাঠায়। পরে ওই মামলায় তাঁরা আদালতে জামিন আবেদন করলে বিচারিক হাকিম ৯ এপ্রিল তাঁদের জামিন দেন এবং বাদীকে আদালতে হাজির করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু পুলিশ বাদীকে হাজির করতে না পেরে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়।
একইভাবে তাঁর আরেক ভাই রেজাউল করিম, ভগ্নিপতি মো. শাহজাহান, ভাগনে আল আমিন ও ফুফাতো ভাই আক্কাস হোসেন, ভাতিজা ইমরান হোসেনকে ৩১ মার্চ আরেকটি মামলায় আসামি করে হয়রানি করা হয়। এভাবে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ১০টি মামলা করা হয়।