কুষ্টিয়ায় পুলিশের হেফাজতে মাহাবুল নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে মাহাবুলের চাচা সদর উপজেলার আলামপুর ইউপির সদস্য আনারুল আলী মণ্ডল এই মামলা করেন। আদালতের বিচারক তৌহিদুল ইসলাম মামলাটি আমলে নেন। মামলার আসামিরা হলেন—পুলিশ কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন, দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ, উপপরিদর্শক হারাধন কুণ্ডু, সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও সাহেব আলী। অন্য আসামিরা আলামপুর ও পার্শ্ববর্তী জগতী ইউনিয়নের বাসিন্দা।গত রোববার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় চাঁদাবাজ সন্দেহে গণপিটুনিতে মাহাবুল গুরুতর আহত হলে সোমবার সকাল সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। তিনি আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের আজগর আলীর ছেলে। মামলায় অভিযোগ করা হয়েছে, মাহাবুলকে পুলিশের উপস্থিতিতে গণপিটুনি ও পরে চিকিৎসা না দিয়ে থানা হেফাজতে প্রায় সাত ঘণ্টা রাখা হয়। এমনকি থানায়ও তাঁকে মারধর করা হয়। তাঁর মৃত্যুর জন্য পুলিশের গাফিলতি ছিল।মাহাবুলের চাচা সেকেন্দার আলী বলেন, সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় মামলা দিতে যান। সেখানে উপপরিদর্শক শহিদুল ইসলাম এজাহারের লিখিত আবেদন গ্রহণ করেন। কিন্তু পরের দিন সকালে মামলা রুজু হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, মামলা গ্রহণ করা হয়নি। অন্যদিকে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ নিয়ে ওসি ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জয়নুল আবেদিনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়।সেকেন্দার আলী বলেন, ‘আজ (গতকাল) আদালতে মামলা করা হয়। অন্যদিকে মাহাবুলকে সন্ত্রাসী বানাতে মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারাধন কুণ্ডু গণপিটুনির এলাকা থেকে গণস্বাক্ষর সংগ্রহ করেছেন।’জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন, সেকেন্দার আলীর মামলার আবেদনের ১২ ঘণ্টা আগেই পুুলিশ বাদী হয়ে একটি মামলা করে, যে কারণে ওই মামলাটি গ্রহণ করা হয়নি।আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মাহাবুলকে মেরে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে।’