পাঁচ পুলিশ বরখাস্ত, দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশি হেফাজতে নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া এক উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের দুই সদস্যকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, এ ঘটনায় পুলিশের আরও পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) এ কে এম শহীদুর রহমান জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে মোহাম্মদ রুকনুজ্জামান (৪০) নামের ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে নিহতের স্ত্রী সোমবার রাতে বাকলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার আসামি হওয়ায় বাকলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েতুর রহমান এবং পাঁচলাইশ থানার কনস্টেবল মিজানুর রহমান, মোছলেম, খোকন মিয়া ও আকবরকে সাময়িক বরখাস্ত করে দামপাড়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় আনসার সদস্য শহিদুল আলমকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে, নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন ও কনস্টেবল শাহ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নগর গোয়েন্দা পুলিশ গত সোমবার রাতে নগরের পাঁচলাইশ থানা থেকে এসআই আমির হোসেন ও কনস্টেবল শাহ আলমকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে বলা হয়, ১৮ জুন রাতে আবাসন ব্যবসায়ী রুকনুজ্জামানকে পাঁচলাইশ থানার একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার করতে নগরের বাকলিয়া এহসান সিটি এলাকায় যায় পুলিশ। পিস্তল ঠেকিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় এসআই আমির হোসেনের নেতৃত্বে আসামিরা কিল-ঘুষি মেরে রুকনুজ্জামানকে নির্যাতন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২৫ জুন পুলিশের সাত সদস্যসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন রুকনুজ্জামানের স্ত্রী শিমু আক্তার। আদালত নগর গোয়েন্দা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।