ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের আলোচিত শামীম সরকার (৩২) হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর পুলিশের দুই কর্মকর্তা ও তিন কনস্টেবলের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে বলা হয়, দাবি করা টাকা না পেয়েই শামীমকে পিটিয়ে হত্যা করেন ওই পাঁচ ব্যক্তি। অভিযোগপত্রভুক্ত পাঁচ পুলিশ সদস্য হলেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক, সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিদুল ইসলাম, কনস্টেবল মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী ও রমজান আলী। তাঁরা সবাই কারাগারে আছেন। শামীমের ভাই আমিন সরকার প্রথম আলোকে জানান, সাভার মডেল থানার সাদা পোশাকধারী দলের সদস্য এএসআই আকিদুল, কনস্টেবল মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী ও রমজান আলী গত ৫ জুন রাত আটটার দিকে হেমায়েতপুর এলাকার একটি সিএনজি স্টেশনের কাছ থেকে শামীমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আকিদুলসহ অন্যরা শামীমকে হেমায়েতপুরের চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে এসআই এমদাদুল হকসহ অন্যরা তাঁকে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরের দিন সাভার মডেল থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।এ ঘটনায় পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মিজানুর রহমান এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে প্রধান করে দুটি তদন্ত কমিটি করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমানকে। তদন্ত কর্মকর্তা আমিনুর মামলার তদন্ত শেষে গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে পুলিশের দুই কর্মকর্তা ও তিন কনস্টেবলের বিরুদ্ধে হত্যা, মারধর, চাঁদা দাবি ও চুরির অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে আমিনুর বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। টাকা চেয়ে না পেয়েই পুলিশের ওই সদস্যরা শামীমকে পিটিয়ে হত্যা করেন।