পাঁচ পুলিশের সাক্ষ্য-জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় পাঁচ পুলিশ কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্য নেওয়া হয়েছে। পরে আসামি পক্ষের আইনজীবীরা পাঁচ পুলিশ কর্মকর্তাকে জেরা করেন। সাক্ষ্য ও জেরা শেষে আদালত ১৬ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক তিন কর্মকর্তা লে কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম, এনায়েত হোসেন, কানাই লাল চক্রবর্তী ও নুরুল আমিনের সাক্ষ্য নেওয়া হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। তিনি জানান, সাক্ষ্য দেওয়া এই পাঁচ পুলিশ কর্মকর্তা সাত খুনের ঘটনার পর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসামিদের গ্রেপ্তারের পর তাঁদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় শনাক্তসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেছেন।
এই নিয়ে সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় মোট ১২৭ জন সাক্ষীর মধ্যে উপস্থিত ১০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ১০ জন সাক্ষী বিদেশে। দুজন মারা গেছেন এবং বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরদিন ১ মে আরও একজনের লাশ একই স্থান থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন। প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে গত বছরের ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।