সিরাজগঞ্জে ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত দল গতকাল রোববার পুলিশের চারজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলের সাক্ষ্য গ্রহণ করেছে। এ ছাড়া পুলিশ একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও তদন্ত দল সূত্রে জানা গেছে, গতকাল তদন্ত দলের প্রধান সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর কার্যালয়ে সাক্ষ্য দেন এসআই জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, সাঈদ হাসান ও একজন কনস্টেবল। তাঁরা ১১ অক্টোবর ট্রেন দুর্ঘটনার সময় ঘটনাস্থল ও কাছাকাছি এলাকায় দায়িত্ব পালন করছিলেন।এদিকে গতকাল সকালে কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপির কর্মী আশরাফুল ইসলামকে, সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ এলাকার বিএনপির কর্মী সুজন মিয়াকে, শাহজাদপুর পৌরশহরের শক্তিপুর মহল্লার সাদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আশরাফুল ইসলাম ও সাদ উল্লাহকে পুলিশের করা মামলায় এবং সুজনকে র্যাবের করা মামলায় আসামি করা হয়েছে। গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মূলীবাড়ী রেলগেট-সংলগ্ন মাঠে ছাত্রদল আয়োজিত ছাত্র-গণজমায়েত চলার সময় ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা ট্রেনের ১১টি বগিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মোট আটটি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৫২ জনকে। বিএনপির অভিযোগ: ট্রেনে হামলার মামলায় সিরাজগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীদের বেশির ভাগই পালিয়ে বেড়াচ্ছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী অভিযোগ করেন, ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীর নামে মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করছে। সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের বিএনপির দলীয় সাংসদ রুমানা মাহমুদ অভিযোগ করেন, গত রোববার সকালে তাঁর গাড়িচালককে মুঠোফোনে ভয়ভীতি দেখানো হয়। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ বাড়ি থেকে লোকজনকে বাইরে বের হতে দিচ্ছে না। এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘১১ তারিখের ঘটনায় মামলা হওয়ায় আসামিরা গা-ঢাকা দিয়েছে।’ কাউকে নাজেহাল করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। অনেকে ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে বের হচ্ছে না। মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান তো চালানো হবেই।’