পাঁচ পৌরসভায় ছয় মেয়র প্রার্থী অক্ষরজ্ঞানসম্পন্ন
কুমিল্লার পাঁচ পৌরসভায় বর্তমান দুই মেয়রসহ ছয় মেয়র প্রার্থী অক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁদের মধ্যে চান্দিনা পৌরসভার বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী মো. আবদুল মান্নান সরকার অক্ষরজ্ঞানসম্পন্ন। দাউদকান্দি পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী শাহ আলম চৌধুরী স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। লাকসাম পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোস্তফা কামাল অক্ষরজ্ঞানসম্পন্ন। চৌদ্দগ্রাম পৌরসভার বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী আবু বকর সিদ্দিকী সাক্ষরজ্ঞানসম্পন্ন। চান্দিনা পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম সাক্ষরজ্ঞানসম্পন্ন। হোমনা পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী হারুন মিয়া স্বশিক্ষিত। একই পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু হানিফ মিয়া দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা পৌরসভার বর্তমান মেয়র মো. আবদুল মান্নান সরকার স্মিত হেসে বলেন, ‘শরমে (লজ্জায়) ফেলে দিলেন। পড়াশোনা কম করেছি ভাই। চর্চা করলে আরও ভালো করতে পারতাম। নিজের ওই দুর্বলতার কারণে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেছি। আসলে শিক্ষা ছাড়া কোনো গতি নেই। ওই যন্ত্রণা এখন ভালোই টের পাচ্ছি।’