জাপান সরকার বাংলাদেশকে পাঁচটি প্রকল্পে ১১৮ কোটি ৪৩ লাখ ডলার বা প্রায় নয় হাজার ১৯৬ কোটি ১৩ লাখ টাকা ঋণ সহযোগিতা দেবে।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে দুই দেশের সরকারের মধ্যে এ-সংক্রান্ত ঋণচুক্তিগুলো সই হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাপান সরকারের পক্ষে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি মিকিও হাতায়েদা চুক্তিগুলোতে সই করেন।
গত ২৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় এ-সংক্রান্ত বিনিময় নোট সই হয়৷ এর ধারাবাহিকতায় এ চুক্তি হলো।
ওই পাঁচ প্রকল্প হলো: কক্সবাজারের মাতারবাড়ী এক হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র (তিন হাজার ১৫৪ কোটি ২৬ লাখ টাকা); প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান ও আহরণ, সঞ্চালন লাইন স্থাপন, প্রি-পেইড গ্যাস মিটার প্রভৃতি কর্মকাণ্ডে সহায়তা প্রকল্প (এক হাজার ৭৯৩ কোটি ৬৮ লাখ টাকা); স্থানীয় সরকারের অধীন পাঁচটি সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দুই হাজার ৩৩২ কোটি ৭৫ লাখ টাকা); হাওর এলাকার বন্যানিয়ন্ত্রণ ও জীবনমান উন্নয়ন প্রকল্প (এক হাজার ১৬০ কোটি ৬৭ লাখ টাকা); এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কৃষি উৎপাদনশীলতা উন্নয়নে ঋণ সহায়তা প্রকল্প (৭৫৫ কোটি টাকা)৷
এসব ঋণের সুদের হার ধরা হয়েছে মাত্র দশমিক শূন্য ১ শতাংশ, যা শোধ করতে হবে ৪০ বছর সময়ের মধ্যে। ৪০ বছরের মধ্যে শোধ করতে না পারলে আরও ১০ বছর বাড়তি সময় পাওয়া যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আরও উপস্থিত ছিলেন জাপানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিরোউকি মিনামি, জাইকার প্রধান প্রতিনিধি আকিহিকো তানাকা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডে আমরা যথেষ্ট উন্নতি করেছি, কিন্তু সুশাসন প্রতিষ্ঠায় আমরা এখনো পিছিয়ে আছি। মধ্য আয়ের দেশ হতে হলে আমাদের সুশাসনে উন্নতি করতে হবে।’ সহজ শর্তে এ ধরনের বড় অঙ্কের ঋণ দেওয়ার জন্য তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানান।