পাঁচ প্রতিষ্ঠানকে এইচএসবিসি ডেইলি স্টার ক্লাইমেট পদক
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১১’ পুরস্কার পেয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে: এনার্জিপ্যাক ইলেকট্রনিক, গ্রামীণফোন, বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেড, রেডিও টুডে ও বেসরকারি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (বগুড়া)।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি তারকা হোটেলে এই পুরস্কার ঘোষণা করা হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।মোট পাঁচটি শ্রেণীতে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে পরিবেশবান্ধব এনার্জি সেভিং বাল্ব প্রস্তুত ও বাজারজাত করায় অগ্রণী ভূমিকা রাখায় ‘ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন গ্রিন বিজনেস’ পুরস্কার পেয়েছে এনার্জিপ্যাক লিমিটেড।ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন গ্রিন অপারেশন শ্রেণীতে দেশি ও পূর্ণ বা আংশিক বিদেশি মালিকানাধীন একটি করে কোম্পানি পুরস্কার পেয়েছে। কাচ প্রক্রিয়াজাতকরণে জ্বালানির ব্যবহার সীমিত রাখা, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের জন্য দেশি কোম্পানি হিসেবে পুরস্কার পেয়েছে বেঙ্গল গ্লাস ওয়ার্কস। আর দেশজুড়ে ৩৯টি বেস স্টেশন টাওয়ারে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করায় বিদেশি প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে গ্রামীণফোন।বেতার অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করায় ‘ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন নলেজ ম্যানেজমেন্ট’ শ্রেণীতে পুরস্কার পেয়েছে এফএম বেতার রেডিও টুডে। এ ছাড়া গ্রামীণ নারীদের পরিবেশবান্ধব উপায়ে বীজ উ ৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রশিক্ষণ দেওয়ায় ‘ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন কমিউনিটি এনগেজমেন্ট’ শ্রেণীতে পুরস্কার পেয়েছে বেসরকারি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (বগুড়া)।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পরিবেশ ও প্রকৃতি রক্ষা করতে না পারলে আমাদের বর্তমান বা ভবিষ্য ৎ কোনো অস্তিত্বই টিকবে না।’ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘ঢাকার চারপাশের নদীগুলো দূষণে-দখলে আমরা নর্দমা বানিয়ে ফেলেছি। বর্তমান ও ভবিষ্যতের স্বার্থেই আমাদের পরিবেশ রক্ষা করতে হবে।’ এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জয় প্রকাশ বলেন, ‘আমরা মনে করি, পরিবেশ রক্ষা আমাদের দায়বদ্ধতা।’